কৃষকের গোলায় যখন সদ্য ওঠা আমন ধান, ঠিক সেই ‘ভরা মৌসুমেও’ লাগামহীন হয়ে উঠছে দেশের চালের বাজার। বাজারে রেকর্ড আমন উৎপাদনের খবর থাকলেও, মাত্র এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের পাইকারি মোকামে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত। এর ফলে সাধারণ ভোক্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
নগরীর প্রধান চালের আড়ত চাক্তাইয়ের চালপট্টি ও পাহাড়তলীতে খোঁজ নিয়ে জানা যায়, নাজিরশাইল সিদ্ধ, জিরাশাইল সিদ্ধ, মিনিকেট আতপ, ও কাটারীভোগের মতো গুরুত্বপূর্ণ চালের দাম বস্তাপ্রতি ১০০ টাকা পর্যন্ত বাড়লেও, সবচেয়ে বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে চিনিগুড়া চালের। এই সুগন্ধি চালের দাম বেড়েছে বস্তায় ৩০০ টাকা।
চালের আড়তদাররা বলছেন, ধান উৎপাদনের ভরা মৌসুমে এই মূল্যবৃদ্ধি সম্পূর্ণ অস্বাভাবিক ও কৃত্রিম। তাদের অভিযোগ, মোকাম মালিকরা (মিল মালিক) হঠাৎ করে ধানের বস্তায় ৫০ থেকে ১০০ টাকা বাড়িয়ে দিয়েছেন। মিল মালিকরাই ধানের কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বৃদ্ধি করছেন।
হঠাৎ করে দেশীয় চালের বাজার বেড়ে যাওয়াটা অস্বাভাবিক। কৃষকের ঘরে আমন ধান থাকা সত্ত্বেও মোকামে চালের দাম বেশি রাখছেন। এর কোনো সঠিক ব্যাখ্যা নেই।
তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মিল মালিকরা। চট্টগ্রাম রাইচ মিলস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রফিক উল্লাহ জানান, “বাজারে ধানের দাম কমতির দিকে রয়েছে। এক সপ্তাহ আগেও যে দামে ধান বিক্রি হয়েছে, এখন তার চেয়ে কমে বিক্রি হচ্ছে।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, বর্তমানে স্বর্ণা–৫ ধান মণপ্রতি বিক্রি হচ্ছে ১,১৭০ টাকা থেকে ১,১৮০ টাকা এবং বিআর ১১ ধান (মোটা) বিক্রি হচ্ছে ১,১৫০ টাকা। তাই দেশীয় চালের দাম বাড়ার বিষয়টি ‘শতভাগ সঠিক নয়’। তার মতে, বাজারে শুধুমাত্র ভারতীয় আমদানি করা চালের দাম কিছুটা বেড়েছে।
চলতি আমন মৌসুমে দেশে রেকর্ড পরিমাণ ধান উৎপাদনের সম্ভাবনা ছিল, কারণ এ বছর বন্যা, খরা কিংবা ঘূর্ণিঝড়ের মতো কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না। ফলে কৃষকের ফসলহানিও হয়নি। এমন পরিস্থিতিতেও চালের দাম বৃদ্ধি পাওয়ায় বাজার বিশ্লেষকরা মনে করছেন, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বাজার সিন্ডিকেটের কারণে এই অস্থিরতা তৈরি হচ্ছে।
বাজার নিয়ন্ত্রণে আনতে দ্রুত সরকারি নজরদারি ও হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
