খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালি ইউনিয়নের দুর্গম বব্রুবাহন হেডম্যান পাড়ায় গ্রামীণ জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে দীঘিনালা জোনের ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সোমবার সকাল থেকে শুরু হওয়া এ ক্যাম্পে নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ পাঁচ শতাধিক রোগী চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. ওমর ফারুকের নির্দেশনায় ক্যাম্পটি পরিচালনা করেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. শায়খউদ্দিন সাকলাইন।

দূরদূরান্তের পাহাড়ি পথ পাড়ি দিয়ে আসা রোগীরা বিনামূল্যের চিকিৎসায় সন্তোষ প্রকাশ করেন। উচ্চ রক্তচাপ ও দীর্ঘদিনের ব্যথায় ভোগা স্থানীয় নারী চাঞ্চলতা ত্রিপুরা জানান, “দুর্বলতার কারণে হাসপাতালে যেতে পারতাম না। আজ সেনাবাহিনীর চিকিৎসা আর ওষুধ পেয়েছি—এটা আমাদের জন্য খুবই বড় সহায়তা।”

৭ মাস বয়সী শিশুকে নিয়ে আসা গৃহবধূ লক্ষী চাকমা বলেন, “আমার বাচ্চা কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। ডাক্তাররা দেখে ওষুধ দিয়েছেন। এতে আমরা উপকৃত হয়েছি।”

স্থানীয় হেডম্যান চন্দ্র হংশ রোয়াজা বলেন, “পাহাড়ি এলাকার অনেক মানুষই নিয়মিত চিকিৎসকসেবা থেকে বঞ্চিত। এ ধরনের উদ্যোগ গ্রামবাসীর জন্য আশীর্বাদস্বরূপ।”

আরএমও ক্যাপ্টেন শায়খউদ্দিন সাকলাইন জানান, “এ এলাকা অত্যন্ত দুর্গম, মানুষের চিকিৎসা প্রাপ্তি সীমিত। তাই সেনাবাহিনী নিয়মিত মানবিক সহায়তার অংশ হিসেবে এমন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।”

দিনব্যাপী এই স্বাস্থ্যসেবামূলক ক্যাম্পকে কেন্দ্র করে গ্রামে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী হিসেবে অভিহিত করেছেন।