চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে আবারো প্রাণহানি। হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে নাজিরহাটমুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে হাইস গাড়ির মুখোমুখি সংঘর্ষে মো. কাওসার (২৬) নামের এক চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় হাইস গাড়িতে থাকা আরও সাতজন যাত্রী গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মো. কাওসার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নারায়নহাট ইউনিয়নের হাপানিয়া জমিদার পাড়ার জাহাঙ্গীর আলমের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর সকালে ফটিকছড়ি থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী হাইস গাড়িটি। ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে গাড়িটির তীব্র সংঘর্ষ হয়। এতে হাইস চালক কাওসার এবং গাড়ির সাতজন যাত্রী গুরুতর আহত হন।
আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে তাৎক্ষণিকভাবে তাদের চমেক হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালে নেওয়ার পথেই চালক কাওসার মৃত্যুর কোলে ঢলে পড়েন। অন্য আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে। তিনি বলেন, “গুরুতর আহতদের নাম-পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।”
উল্লেখ্য, এই মহাসড়কে দুর্ঘটনা যেন নিত্যনৈমিত্তিক ঘটনা।
মাত্র চারদিন আগে, গত ১ ডিসেম্বর সোমবার একই ইউনিয়নের মুছাবিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মাওলানা মোহাম্মদ কাঞ্চন (২০) নামের ফটিকছড়ির আরেকজন যুবক নিহত হয়েছিলেন।
