সাংবাদিক পরিচয়ে চেয়ারম্যানদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মৌলভীবাজারের রাজনগরে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল মনসুরনগর ইউনিয়ন পরিষদ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক দুই ব্যক্তি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের টার্গেট করে ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন। স্থানীয়রা তাদের আচরণে সন্দেহ প্রকাশ করলে চেয়ারম্যান জাহাঙ্গীর তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা চালিয়ে আসছেন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিকেও টার্গেট করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবেল আহমেদ, রাজনগর উপজেলা যুবদলের সদস্য সচিব রোকন আহমদ এবং কয়েকজন স্থানীয় সাংবাদিক। সাংবাদিকরা তাদের পরিচয় যাচাই করার চেষ্টা করেন এবং নিশ্চিত হন যে তারা কোনো জাতীয় দৈনিকের সঙ্গে সম্পর্কিত নন।

রাজনগর থানা পুলিশ জানায়, “আটক ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের শর্ত বা ছায়া অনুসরণ করছে কিনা, তারা পেশাগতভাবে প্রকৃত সাংবাদিক কিনা, কিংবা অন্য কোনো পেশায় যুক্ত আছে কি না—আমরা বিষয়গুলো তদন্ত করছি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রাজনগর থানা পুলিশ আরও জানিয়েছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণাসহ অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।