সিলেটের বিয়ানীবাজার থানাধীন কুড়ার বাজার এলাকার আঙ্গুরা মোহাম্মদপুর সাকিনস্থ একটি কাঠবাগানের ঝোপের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৩৫টি এয়ারগানের গুলিসহ ০১টি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯। গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক রাত ২৩.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক পর্যালোচনায় জানা যায়, উদ্ধার হওয়া এয়ারগানটি বিদেশি নির্মিত এবং সম্পূর্ণ সচল অবস্থায় রয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত ০৫ আগস্ট ২০২৪ ইং তারিখ থেকে অদ্যবধি র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ০৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর, ০১টি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ০৭টি এয়ারগান উদ্ধার করেছে, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উদ্ধারকৃত ৫৩৫টি এয়ারগানের গুলি এবং এয়ারগানটি জিডি মূলে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।