কক্সবাজারের টেকনাফে সীমান্ত সুরক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি বিশেষ অভিযানে মিয়ানমার থেকে পাচারের সময় প্রায় দেড় লাখ (১,৫০,০০০) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন। এ সময় মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়েছে এবং ৩-৪ জন মাদককারবারি নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

​টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অপরাধ দমনে বিজিবি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক ও মানব পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে টেকনাফ ব্যাটালিয়ন বদ্ধপরিকর।

​বিজিবি সূত্রে জানা যায়, পাচারকারীরা অভিনব পদ্ধতিতে ইয়াবা পাচারের চেষ্টা চালিয়েছিল।​প্রথম অভিযান (সাঁতার কেটে পাচার): গত সোমবার গভীর রাতে টহলরত বিজিবি সদস্যরা নাফ নদী সাঁতরে দুজনকে মিয়ানমার সীমান্ত পার হয়ে এদেশে প্রবেশ করতে দেখেন। বিজিবির নৌযান দেখেই তারা হাতে থাকা দুটি পলিথিনের প্যাকেট পানিতে ভাসিয়ে দিয়ে ডুব সাঁতারে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ভাসমান প্যাকেট দুটি উদ্ধার করে সেগুলোতে অভিনব পদ্ধতিতে মোড়ানো ৫৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।

​দ্বিতীয় অভিযান (জেলের ছদ্মবেশে পাচার): ২৪ নভেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লে. কর্নেল আশিকুর রহমানের নির্দেশনায় সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। মঙ্গলবার ভোর ৬টার দিকে দমদমিয়া ও বড়ইতলীর বিপরীতে নাফ নদীর গভীর অংশ দিয়ে জেলের ছদ্মবেশে একটি নৌকা মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে অগ্রসর হয়। কৌশলগত অবস্থানে থাকা বিজিবির নৌ-টহল দল নৌকাটি ঘিরে ফেললে তল্লাশিতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়। এসময় নৌকায় থাকা আরও তিন মাদককারবারি সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এই অভিযান দুটিতে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়।

​​আটককৃত পাচারকারী হলেন মিয়ানমারের মংডুর মাংগালা গ্রামের মৃত ইব্রাহিমের পুত্র মোহাম্মদ হাকিম আলী (৫৪)।
​এ ঘটনায় আটক হাকিম আলী এবং টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুসামরি এলাকার কালা মিয়ার পুত্র মোহাম্মদ জালাল ওরফে লাল জালাল (২৫)-সহ আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করেছে বিজিবি। আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য যথাযথ আইনি প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।