
চট্টগ্রামের হাটহাজারীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজাসহ দুজনের প্রাণহানি ঘটেছে। গুরুতর অসুস্থ আবিদুল হাসানকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরানোর পথে ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবিদুল হাসান এবং তার ভাতিজা ইফতেখার রাহাত (৩০)।
রোববার (২৩ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা নামক স্থানে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ভাতিজা রাহাত দ্রুত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন। চমেক থেকে চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে মিস্ত্রি ঘাটা এলাকায় অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়ে দুমড়ে মুচড়ে যায়।
নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুরস্থ চাঁনগাজী চৌধুরী বাড়ির ইউছুপ স্যারের (সাবেক শিক্ষক, হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়) পুত্র এবং আবিদুল হাসান ওই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র।
একই দুর্ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনায় পতিত সিএনজিটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।”
তাদের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে হাটহাজারীজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
