ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী সংগঠন মোটরচালক লীগের রাজশাহী জেলার শীর্ষস্থানীয় নেতা আব্দুল বাতেন বাবুকে পুনর্বাসন করা হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তিনি ভোল পাল্টে এখন গণঅধিকার পরিষদের রাজশাহী মহানগর কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে মোটা অঙ্কের টাকা দিয়ে ম্যানেজ করে তিনি এই পদে এসেছেন। বিষয়টি নিয়ে দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভে সৃষ্টি হয়েছে।
জানা যায়, আব্দুল বাতেন বাবু আগে রাজশাহী জেলা আওয়ামী মোটরচালক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটনের আস্থাভাজন ছিলেন।
লিটনের মেয়ে আনিকা ফারিহা জামান অর্না যিনি আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তার সঙ্গেও বাতেন বাবুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
অভিযোগ রয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় বাতেন বাবুর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজশাহী নগরীর কোর্টবাজার এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণ চালায়।
একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনার পতনের পর বাতেন বাবু আত্মগোপনে চলে যান। পরে তিনি নুরুল হক নুরের শেল্টারে প্রকাশ্যে আসেন এবং হঠাৎ করেই গণঅধিকার পরিষদের রাজশাহী মহানগর কমিটির সদস্য সচিব হিসেবে পরিচয় দিতে থাকেন।
জানা যায়, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সুমন কবিরের মধ্যস্থতায় নুরুল হক নুরের সঙ্গে বাতেন বাবুর পরিচয় হয়। এরপরই মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে এই পদটি তিনি লাভ করেন এমনটাই দাবি করেছে সূত্রটি।
নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক শীর্ষ নেতা বলেন, ‘বাতেন বাবু তো একদম আওয়ামী মোটরচালক লীগে ছিল। এমন কোনো মন্ত্রী-এমপি নেই রাজশাহীতে, যার সঙ্গে ওর ছবি নেই। সে কিভাবে ঢাকায় গিয়ে দলে ঢুকে পড়ল, বুঝি না। ও তো আওয়ামী দালাল ছিল। এমনকি সে ইমারের গাড়ির নির্বাচনে হেরেছে, কাউন্সিলর পদে ৫ বার ভোট করে হেরেছে। এরকম একজন ব্যর্থ ব্যক্তি কীভাবে মহানগর কমিটির সদস্য সচিব হয়ে যায়!’
কীভাবে এমনটি সম্ভব হলো এমন প্রশ্নে ওই নেতা বলেন, ‘আমারও একই প্রশ্ন। সে মনে করে মুক্ত হয়ে গেছে। বাতেনের সঙ্গে আরও কয়েকজন আছে, যারা লিলি হলের পাশে থাকে। ওরা আগে বাদশা-টাদশাদের দলে ছিল। এখন শেল্টারের জন্য নুরের দলে ঢুকেছে। এমনকি নির্বাচন কমিশনের এক কর্মকর্তা নুরকে বলেছে, ‘আমি সব জানি, পার্টির রেজিস্ট্রেশন নিতে হেল্প করবো।’ সেই লোক এখন দলের ভাইস প্রেসিডেন্ট! এরা হাসিনার ভোটচুরির কারিগর ছিল। এসব লোক দিয়ে দল চলবে না।’
তিনি আরও বলেন, ‘নুর এখন ৩০০ আসনে প্রার্থী দিতে চায় এটা ফাজলামি। ২/৩ জন কেউ কারও সঙ্গে যুক্ত হয়ে এমপি হতে পারে। বাকিরা যা কিছু আছে বিক্রি করবে, ফকির হয়ে যাবে, আর ভোট পাবে ৭টা, ৮টা বা ১২টা করে। নুরের কোনো স্পষ্ট ভিশন বা মিশন নেই। তার রাজনীতি দিন এনে দিন খাওয়ার মতো সকালে কিছু ইস্যু নিয়ে চিল্লাচ্ছে, রাতে ঘুমিয়ে যাচ্ছে। এরকম রাজনীতি দিয়ে দেশ ও জাতিকে কিছু দেওয়া সম্ভব না।’
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল বাতেন বাবুর সঙ্গে কথা হলে, তিনি আওয়ামী লীগের সাবেক এমপি ও নেতাদের সঙ্গে তার সম্পর্কের কথা অকপটে স্বীকার করেন।
তিনি বলেন, আমি ৫-৬টি সংগঠনের প্রধান ছিলাম। সংগঠন চালাতে গেলে স্থানীয় এমপিদের কাছে যেতে হয়। সবাইকে ম্যানেজ করে আমি চলেছি।’
টাকা দিয়ে পদ কেনার প্রশ্নে তিনি বলেন, ‘নুরের দলটা ছাত্রঅধিকার থেকে উৎপন্ন হয়ে গণঅধিকার হয়েছে। দল করতে গেলে পকেট থেকে টাকা খরচ করতে হয়। ছাত্র সংগঠন বিধায় আমি একজন অভিভাবক হিসেবে এগিয়ে এসেছি। আমরা মূলত ছাত্রদের ও দেশের জন্য কাজ করতে চাই।’
গণঅধিকার পরিষদের রাজশাহী মহানগর কমিটির আহ্বায়ক আনোয়ার ইকবাল বাদল বলেন, ‘এসব ঘটনা দুঃখজনক। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি এখন ইন-অ্যাকটিভ। রাজশাহীতে অফিস নিয়েছিলাম, সেটাও ছেড়ে দিয়েছি। কেন আমি একা ১৮ হাজার টাকা দিয়ে অফিস চালাব? তাই আমি নিজে থেকেই সরে এসেছি।’
