২৬ আগষ্ট (মঙ্গলবার) প্রায় ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি পাঙ্গাশ মাছ, রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে। দুপুরের দিকে দৌলতদিয়া কলাবাগান এলাকার পদ্মা নদীতে ওমর হালদারের জালে ধরা পড়ে মাছটি। পরে মাছটি বিক্রি করা হয় ৬৭ হাজার ৫৭৫ টাকায়।
জেলে ওমর হালদার মাছটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য আড়তে বিক্রি করতে আনেন। দুপুর ২টার দিকে দৌলতদিয়া ঘাটে কেসমতের আড়তে মাছটি প্রকাশ্য নিলামে কিনে নেন মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের পদ্মা নদীর বিশালাকারের তরতাজা পাঙ্গাশ মাছটি প্রতি কেজি ২ হাজার ৬৫০ টাকা দরে মোট ৬৭ হাজার ৫৭৫ টাকায়, ঢাকার একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, বর্তমানে পদ্মা নদীতে বড় আকৃতির পাঙ্গাশ, রুই, কাতল, বোয়াল, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। জেলেরাও অনেক লাভবান হচ্ছে।
