নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ দাদন বেপারী (৩৪) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি দেশীয় অস্ত্র, ছিনতাইকৃত নগদ ৭ হাজার ২০০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে শিমরাইল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. জয়নাল আবেদীন। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহার করা প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।
জব্দকৃত প্রাইভেটকারটি ব্যবহার করে এই ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছিনতাইসহ নানা অপরাধ মূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ফারুক জানান, গ্রেপ্তার দাদন বেপারী মাদারীপুর জেলার কতোয়ালী থানার সাংবলার চর বেপারীপাড়া এলাকার মো. হালিম বেপারীর ছেলে। এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
