রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় বাসের ধাক্কায় ওলিউর রহমান (৭০) নামের সাবেক এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বিকেলে কাশিয়াডাঙ্গার এলাকার নগরপাড়া, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ ।
নিহত ওলিউর রহমান রাজশাহী মহানগরীর বুলনপুর এলাকার বাসিন্দা। তিনি নিজস্ব মিনি পিকআপ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে করে কাশিয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পরে তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
আরো পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নগরীর কাশিয়াডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, নগরপাড়া থেকে মোটরসাইকেলে রাস্তার পাশে দিয়ে এগিয়ে যাচ্ছিলেন ওলিউর রহমান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী গ্রামীণ ট্রাভেলসের একটি বাস তাকে ধাক্কা দেয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই মনিরুজ্জামান আরও জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ওলিউর রহমানের মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। বাসচালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দুর্ঘটনাকবলিত বাসটিও। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো পড়ুন: জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আগামী মাসে শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার
