সেই ২০০৮ আইপিএল থেকে চেন্নাই সুপার কিংসের সঙ্গে পথচলা শুরু, এরপর কেটে গেছে ১৭টি বছর। মাঝে একবার চেন্নাই নিষেধাজ্ঞায় থাকায় দুই বছর পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন। বাকি সময়টা চেন্নাইয়ের হয়েই আলো ছড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের অধিনায়কত্ব সামলে এনে দিয়েছেন কত কত সাফল্য। বয়সটা ৪৩ পেরিয়ে গেলেও এখনো চেন্নাইয়ের মায়া ছাড়তে পারেননি তিনি। ছাড়বেনই বা কীভাবে, এই বয়সেও যে তার কদর ঠিকই বুঝতে পেরেছে চেন্নাই। শোনা যাচ্ছে, আরও একটি মৌসুম ধোনির কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব দিতে যাচ্ছে আইপিএলের অন্যতম সফল দলটি।
অবশ্য এ নিয়ে চেন্নাই কিংবা ধোনি কোনো পক্ষই মুখ খোলেনি। আইপিএল থেকে ধোনি এখনো অবসর নেননি, আবার সামনের মৌসুমে খেলবেনও তেমনটিও বলেননি। একইভাবে চেন্নাইয়ের পক্ষ থেকেও ধোনিকে নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।
তবে, সংবাদমাধ্যম মাইখেলকে একটি সূত্র ভারতীয় জানিয়েছে, ২০২৫ আইপিএলেও খেলতে চলেছেন ধোনি। সামনের মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলবেন জুলাইয়ে ৪৩ বছর পূর্ণ করা এই উইকেটকিপার-ব্যাটসম্যান। আইপিএলের আসন্ন মেগা নিলামের আগে ‘আনক্যাপড প্লেয়ার’ হিসেবে তাকে রেখে দিতে যাচ্ছে চেন্নাই।
২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলামের প্রস্তুতি চলছে বিসিসিআইয়ে। এখনো তারিখ বা ভেন্যু ঠিক করা হয়নি। তবে নভেম্বরের শেষ সপ্তাহে খেলোয়াড় কেনার অনুষ্ঠানটি আয়োজন করা হতে পারে। নিলামকে কেন্দ্র করে দলগুলো এখন খেলোয়াড় ধরে রাখার কাজ নিয়ে ব্যস্ত। সর্বশেষ অনুমোদিত নিয়ম অনুযায়ী, দলগুলো ২০২৪ স্কোয়াড থেকে ছয়জন খেলোয়াড় ধরে রাখতে পারবে। এর মধ্যে পাঁচজন ক্যাপড, একজন আনক্যাপড।
সম্প্রতি একটি নিয়ম করেছে বিসিসিআই, যেসব খেলোয়াড় ভারত জাতীয় দলের হয়ে পাঁচ বছর প্রতিনিধিত্ব করেননি, তিনি ‘আনক্যাপড’ বিভাগে পড়বেন। ধোনি ভারতের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০১৯ সালে। এর অর্থ, ধোনিকে ২০২৫ সালের জন্য ‘আনক্যাপড’ হিসেবে রাখতে পারবে চেন্নাই।
বিসিসিআইয়ের নতুন নিয়ম ধোনিকে আরও এক বছর আইপিএল খেলার সুযোগ করে দেওয়ার জন্য কি না, এমন আলোচনার মধ্যে সমর্থকসূচক মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাঈফ।
স্টার স্পোর্টসকে কাঈফ বলেন, এই নিয়মের কারণে ধোনির আবারও খেলার সুযোগ তৈরি হয়েছে। সে এখনো ফিট, ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করছে, কিপিংও ভালো করে। এ কারণে আমি মনে করি, ধোনি যত দিন খেলতে চাইবে, তত দিন নিয়ম বদলাতে থাকবে। সে আইপিএল খেলতে চাইলে খেলবে। সে সিএসকের বড় ম্যাচ উইনার, একই সঙ্গে নেতাও।
গত সপ্তাহে ক্রিকবাজ জানিয়েছিল, অক্টোবরে সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে বৈঠক করবেন ধোনি। একটি সূত্রের বরাতে মাইখেল জানায়, সামনের মৌসুমেও আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন ধোনি। তবে এ সিদ্ধান্ত নিয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছেন কি না, তা স্পষ্ট নয়। তবে ৪৪ বছরের দ্বারপ্রান্ত দাঁড়িয়েও ধোনি চেন্নাইয়ের হলুদ জার্সি পরে মাঠে নামছেন, এমনটা এখন অনেকটাই নিশ্চিত। আনুষ্ঠানিক ঘোষণাই হয়তো বাকি।
