প্রশ্ন : (গতকালের) বৈঠক মূলত কী নিয়ে ছিল?
আবদুর রাজ্জাক : মূলত জাতীয় লিগের জন্য ৩০ সদস্যের প্রাথমিক যে দলটা হয়, সে ব্যাপারে আমরা অধিনায়ক ও কোচদের সঙ্গে কথা বলেছি। এখান থেকে দলটা ২০-২৫ জনের মধ্যে আনার চেষ্টা থাকবে। এতে অনুশীলনের সময় কোচদের সুবিধা হয়। এসব নিয়েই আজ (গতকাল) আমরা বৈঠকে বসেছিলাম।
প্রশ্ন : আগে কি টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টটা হবে?
রাজ্জাক : না, আগে চার দিনের টুর্নামেন্ট হবে। এবারের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) হবে সিঙ্গল টায়ার (এক স্তর) পদ্ধতিতে। আগে যেমন টায়ার ওয়ান ও টায়ার টু ছিল, এবার সে রকম হবে না। সব দল নিজেদের মধ্যে খেলবে।
ভবিষ্যতে এনসিএল নিয়ে আমাদের আরো পরিকল্পনা আছে। সেগুলোও বাস্তবায়ন করা হবে। আপাতত আমরা এটা দিয়ে শুরু করছি
প্রশ্ন : এটা কি সিঙ্গল লিগ হবে, নাকি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে?
রাজ্জাক : এখন পর্যন্ত সিঙ্গল লিগই হওয়ার কথা। যেহেতু আমাদের সূচি আগে থেকে নির্ধারিত করা আছে, তাই ইচ্ছা থাকলেও এবার ম্যাচসংখ্যা বাড়ানো সম্ভব হচ্ছে না।
সময়ের ব্যাপারটা মাথায় রাখতে হচ্ছে। এক মাস আগে শুরু করা গেলে হয়তো এটা সম্ভব ছিল। তবে এটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আমরা চেষ্টা করব সময় বের করার।
প্রশ্ন : এনসিএল নিয়ে সব সময় একটা সমালোচনা হয় যে এটা পিকনিক লিগ।
এখান থেকে বেরিয়ে আসতে আপনাদের কোনো পরিকল্পনা আছে?রাজ্জাক : আমি জাতীয় দল থেকে বাদ পড়ার পর ছয় বছর নিয়মিত এনসিএল খেলেছি। আমার কাছে মনে হয়েছে, বাংলাদেশের সেরা টুর্নামেন্ট হয় এনসিএলে। এই কথাটা কথায় কথায় উঠে এসেছে। আপনি দেখবেন এখানে ৮০ শতাংশ ম্যাচের ফল হয়। আমি জানি না আপনাদের কিভাবে অনুপ্রাণিত করব! আপনারা যদি একটু মাঠে আসেন, খেলা দেখেন, ভালো লাগবে এবং এই ধারণা থেকে বেরিয়ে আসতে পারবেন। জিনিসটা ও রকম আর নাই। এখন প্রত্যেক ক্রিকেটার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা নিয়ে এনসিএল খেলে। উইকেটও পরিবর্তন হয়েছে। আরো পরিবর্তন আসবে।
প্রশ্ন : তারকা ক্রিকেটাররা এনসিএলে খেলেন না, এটা আপনার কাছে কেমন মনে হয়?
রাজ্জাক : আসলে যারা টেস্ট দলে থাকে, তাদের পক্ষে সময় বের করা একটু কঠিন হয়ে যায়।
