নোয়াখালীর কবিরহাট উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।তবে এখনো একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে। এছাড়া উপজেলার ৮০টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১৪ হাজার মানুষ। জেলা আবহাওয়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মাত্র ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আকাশের পরিস্থিতি স্বাভাবিক থাকায় দ্রুতই বন্যা পরিস্থিতি কেটে যাবে বলে আমরা আশা করছি। আগামী ২৪ ঘণ্টায়ও ভারী বৃষ্টিপাতের কোনো আভাস নেই।’
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন, ‘কোম্পানীগঞ্জে মুছাপুর ২৩ ভেন্ট রেগুলেটরের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। এতে প্রচুর পরিমাণ পানি সাগরে নিষ্কাশন হচ্ছে। জেলা শহর ও আশপাশের উপজেলায় ৫ ইঞ্চি পানি কমেছে। এভাবে কমতে থাকলে ৩-৪ দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে।’
মুছাপুর ইউনিয়নের বাসিন্দা মো. বেলাল হোসেন বলেন, বর্তমানে তীব্র রোদ। পানি কমতে শুরু করায় আতঙ্ক কমে মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে। আমাদের রেগুলেটর দিয়ে তীব্র গতিতে পানি নামছে। এদিকে, আশ্রয়কেন্দ্রগুলোতে রান্নার ব্যবস্থা না থাকায় খাবারসহ বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশনের তীব্র সংকট দেখা দিয়েছে।
এ বিষয়ে কবিরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, ‘উপজেলার পানিবন্দি মানুষের জন্য সরকারের পক্ষ থেকে ৪৬ টন চাল দেওয়া হয়েছে। আমরা পানিবন্দি এলাকায় যাচ্ছি এবং খোঁজ খবর রাখছি। ’ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস কে দেবনাথ বলেন, ‘পানিবন্দি এলাকার দুইজন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
