টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ভারতের কোচ থাকছেন না রাহুল দ্রাবিড়। এরই মধ্যে নতুন হেড কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের নজরে রয়েছেন আইপিএলের একাধিক কোচ-মেন্টর। নাইট মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে বিসিসিআই যোগাযোগ করেছে বলে খবর। এছাড়া আইপিএলের তিনজন বিদেশি কোচের সঙ্গে বোর্ড কর্তারা কথা বলেছেন বলে শোনা যাচ্ছে। তিন বিদেশি কোচের মধ্যে একজন হলেন লখনৌ সুপার জায়ান্টসের জাস্টিন ল্যাঙ্গার। বাকি দুজন হলেন-দিল্লি ক্যাপিটালসের রিকি পন্টিং ও চেন্নাই সুপার কিংসের স্টিফেন ফ্লেমিং। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে লখনৌর জয়ের পরে তাদের কোচের কাছে জানতে চাওয়া হয়, তিনি ভারতীয় দলের হেড কোচ হতে আগ্রহী কিনা।
জবাবে ল্যাঙ্গার বলেন, ‘ভারতীয় দলের হেড কোচ হওয়া নিশ্চিতভাবেই ক্রিকেট বিশ্বের সব থেকে বড় চাকরি। প্রথমত, যে পরিমাণ ক্রিকেট খেলা হয়, প্রত্যাশা থাকে বিপুল। এটা দুর্দান্ত একটা চ্যালেঞ্জ হবে। সেই সঙ্গে এটা দারুণ উপভোগ্য এবং আইসিসি ট্রফি জয়ের দারুণ সুযোগ হবে। অস্ট্রেলিয়ার সাবেক কোচ আরও বলেন, ‘রাহুল দ্রাবিড় এবং রবি শাস্ত্রীও সম্ভবত একই কথা বলবে যে, ভারতীয় দলে জয়ের চাপটা থাকে অতিমাত্রায়। আমি নিশ্চিত, দ্রাবিড়ের পরে যে দায়িত্ব নেবে, সে এই প্রজেক্টে কাজ করতে মুখিয়ে রয়েছে। ল্যাঙ্গারের কথায় ইঙ্গিত পাওয়া গেলো, তিনি বছরে ১০ মাস ভারতীয় দলের সঙ্গে কাজ করার চ্যালেঞ্জ নিতে মানসিকভাবে প্রস্তুত নন। অর্থাৎ ভারতের কোচ হতে চান না তিনি।