ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির এক উপদেষ্টা বলেছেন, তাদের পরমাণু অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই, তবে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ইরানের ওপর হুমকি তৈরি হলে তারা সামরিক কৌশল পরিবর্তনে বাধ্য হবে। উপদেষ্টা কামাল খারাজি বলেন, ‘কোনো কারণে যদি ইরানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয়, তবে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে দেশটি তার নীতির পরিবর্তন করবে।’
এর আগে ২০০০ সালের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি পারমাণবিক অস্ত্রের উন্নয়ন নিষিদ্ধ করে একটি ফতোয়া জারি করেন। তিনি বলেন, ইসলামে এটি হারাম বা নিষিদ্ধ। এরপর ২০২১ সালে ইরানের তৎকালীন গোয়েন্দামন্ত্রী বলেন, পশ্চিমা চাপের মুখে ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর করতে পারে।
এবার নতুন করে উদ্ভূত পরিস্থিতিতে আবারও পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি সামনে এলো। ১৩ এপ্রিল তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। তেহরান বলেছে, ১ এপ্রিল দামেস্কে তার দূতাবাস প্রাঙ্গণে একটি সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবেই হামলাটি চালানো হয়েছিল। এ হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। যদিও এখন পর্যন্ত ইরানে সরাসরি হামলা চালায়নি ইসরায়েল।
তেহরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো পরিকল্পনা নেই। পশ্চিমারা সন্দেহ করে আসছে, পারমাণবিক কর্মসূচির নামে পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি চলে গেছে ইরান।
