চাঁদা না দেয়ায় রংপুর মহানগরীর চারতলা মোড়ের এক বিকাশ ব্যবসায়ীকে কুপয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত ব্যবসায়ী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

এঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে দোকানপাট বন্ধ রেখে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানায় স্থানীয় দোকান মালিক সমিতি।

ওই বিকাশ ব্যবসায়ী রায়হানুল কবির লিপনের পিতা আব্দুল হামিদ জানান, বুধবার সন্ধ্যায় নগরীর চারতলা মোড়ের এসটিআর ট্রেডার্স নামের বিকাশের দোকানের মালিক আমার পুত্র রায়হান কবিরের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করে স্থানীয় যুবক সুরাজ, ভিকি, রকি, রবি ও আতিক। চাঁদা না দিতে চাওয়ায় সন্ত্রাসীদের সাথে লিপনের হাতাহাতির পর সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়ে চলে যায়। রাত ১১ টার দিকে ওই বিকাশ ব্যবসায়ী মর্ডান মোড়ে যাওয়ার পথে পিডিবির সামনে ওই সন্ত্রাসীরা তার পথ রোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। এসময় সন্ত্রাসীরা তার কাছে থাকা বিকাশের ১ লাখ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় স্থানীয় ব্যবসায়িরা।

এদিকে ব্যবসায়ীর বন্ধু মোঃ নওশের মিয়া জানান, স্থানীয় কলোনির বাসিন্দা ওই যুবকরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছেন। তাদের অত্যাচারে স্থানীয় ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন।

এদিকে এঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে চারতলা মোড় এর সকল দোকানপাট বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন ব্যবসায়ীরা। তারা সড়ক অবরোধ করে রাখেন। এতে নগরীর প্রধান সড়কটিতে প্রায় একঘন্টা যানবাহন চলাচল বন্ধ তাকে। পরে পুলিশ এসে উপযুক্ত বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।

স্থানীয় ব্যবসায়ী আবদুল বাতেন জানান, জড়িতদের গ্রেফতার না হওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ বন্ধ রাখবো আমার।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান এ ঘটনায় ভিকটিমকে মামলা দিতে বলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।