ভারতের সুরাটে নিজ ফ্ল্যাট থেকে তরুণী মডেল তানিয়া সিংয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় নাম জড়িয়েছে ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মার। তিনি ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন। সুরাটের বেসু থানার পুলিশ তাকে এ নিয়ে জেরা করেছে।
ফ্ল্যাট থেকে গত মাসে তানিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা থেকে পুলিশ জানিয়েছে, আত্মহত্যা করেছেন তিনি। ঠিক কী কারণে, তরুণী মডেল নিজেকে শেষ করেছেন তা বুঝতে পারছে না পুলিশ। কারও নামে অভিযোগও করেননি তানিয়া। সেই জন্য তদন্তের কিনারা করতে আরও সমস্যা হচ্ছে পুলিশের।
তবে তদন্ত করতে গিয়ে জানা গিয়েছে, অভিষেকের সঙ্গে যোগাযোগ ছিল তানিয়ার। মৃত্যুর ঠিক আগে অভিষেককে মেসেজ করেছিলেন তানিয়া। দু’জনের মধ্যে ফোনে কথাও হয়েছিল। তাদের সম্পর্ক কেমন ছিল, বা শেষ মুহূর্তে কী কথা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। সেই জন্যই অভিষেককে জেরা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে অভিষেকের কোনো যোগাযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
সুরাট পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভিআর মলহোত্র এ বিষয়ে বলেন, ‘আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি যে তানিয়ার সঙ্গে অভিষেকের বন্ধুত্ব ছিল। এখনও জেরা চলছে। আরও তথ্য পেলে তা জানানো হবে।’
