ফিলিস্তিনকে সমর্থন করতে গিয়ে জরিমানা গুনলেন পাকিস্তানের ক্রিকেটার আজম খান। গতকাল রোববার দেশটির ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা ন্যাশনাল টি২০-তে একটি ম্যাচে ফিলিস্তিনের পতাকার স্টিকার লাগানো একটি ব্যাট দিয়ে ব্যাটিং করতে নামেন এই ক্রিকেটার। পরে বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডের নজরে এলে এই তরুণ ক্রিকেটারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়।

করাচি হোয়াইটস ও লাহোর ব্লুজ-এর মধ্যকার ম্যাচে আজম খান করাচির হয়ে ব্যাট করতে নেমেছিলেন। যদি ম্যাচের দায়িত্বরত আম্পায়ারের অনুমতি সাপেক্ষে তিনি স্টিকারটি ব্যবহার করতেন, তাহলে হয়তো তাকে কোনো জরিমানা গুনতে হতো না। কিন্তু আম্পায়ার তাকে এ বিষয়ে সতর্ক করলে আজম খান তা মানতে অস্বীকৃতি জানান। যে কারণে শেষ পর্যন্ত জরিমানা গুনতে হলো এই ব্যাটারকে।

তবে কেবল গতকালের ম্যাচেই ফিলিস্তিনের পতাকা ব্যবহার করেছেন আজম খান, বিষয়টি এমন নয়। এর আগের দুটি ম্যাচেও তিনি ইসরায়েলের আগ্রাসনের শিকার দেশটির পতাকার স্টিকার ব্যবহার করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের আচরণবিধি সংশিষ্ট বিধিতে বলা আছে, কোনো ক্রিকেটার অনুমোদিত কোনো ধরনের লোগো ব্যাটে ব্যবহার করতে পারবেন না। সে হিসেবে আজম খান আইসিসির নীতি ভঙ্গ করেছেন বলে জরিমানা দিতে হয়েছে তাকে।