পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তারা (আমেরিকা) শুধু উপদেশ দেয়, যা আপনারা (গণমাধ্যম) পছন্দ করেন। নির্বাচন, অমুক-তমুক… এবারে এগুলো নিয়ে কোনো আলাপ করেনি। একবারে তারা বলেছে, ইন্দো-প্যাসিফিকে আমাদের সঙ্গে কাজ করবে। তারা শুধু উপদেশই দেবে না বা ভয় দেখাবে না, তারা টাকা নিয়ে আসবে।

আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাটস ম্যাগাজিনের এক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমেরিকাকে বলেছি, ভয় দেখিয়ে লাভ নেই। আমাদের টাকা দরকার। আপনারা টাকা নিয়ে আসেন।

তিনি বলেন, তারা (ইইউ) সিদ্ধান্ত নিয়েছে, ৩০০ বিলিয়ন ইউরো উন্নয়নশীল দেশগুলোর জন্য খরচ করবে। আমরা প্রায় এক বিলিয়ন ইউরো সই করেছি। এর মধ্যে ৩৫০ মিলিয়ন হচ্ছে ঋণ, সেটা আমরা ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে চুক্তি করেছি।

মোমেন বলেন, যুক্তরাষ্ট্র ২৫০ বিলিয়ন তহবিল নিয়ে আসার চেষ্টা করছে উন্নয়শীল দেশগুলোর জন্য। স্বার্থ হাসিলের জন্য অনেক দেশ প্রপাগান্ডা করছে। উদ্দেশ্য জিনিস বিক্রি করা, ব্যবসা করা। আমরা বলেছি, যুদ্ধতে আমরা নাই। আমরা বলেছি, বোয়িং কিনতে চাই। আর যায় কোথায়! বড়লোকের দেশরা খুব চাপ দিচ্ছে।