শ্রোতানন্দিত সংগীতশিল্পী শুভ্রদেব রোমান্টিক গানের পাশাপাশি ক্রিকেট নিয়েও কয়েকটি গান গেয়েছেন। এসব গান তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। তার গান বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের মানসিক শক্তি জোগাতে ও ভালো খেলা উপহার দিতে অনুপ্রেরণা জুগিয়েছে। ক্রিকেটপ্রেমীরাও তার গান খুব পছন্দ করেছেন। ব্যক্তিগতভাবে শুভ্র দেবও একজন ক্রিকেটপ্রেমী মানুষ।

শুভ্র দেবের ক্রিকেটের গানের মধ্যে ‘গুড লাক বাংলাদেশ, গুড লাক’ শিরোনামের গানটি অন্যতম। এ গানটি আজ থেকে ২৩ বছর আগে শুভ্র দেব গেয়েছিলেন। এটি আবারও নতুন করে শ্রোতা ও ক্রিকেটপ্রেমীদের উপহার দেওয়া হচ্ছে।

এ গানটি প্রসঙ্গে শুভ্র দেব নিজেই তার ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়ে লিখেছেন, ১৯৯৯ সালে বাংলাদেশ নর্দাম্পটনে বিশ্বকাপে যখন প্রথমবারের মতোন পাকিস্তানকে হারায় তখন এই গান গেয়ে গেয়ে রাস্তায় মিছিল হয়েছিল।

জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর এই গানটি আমার ঐকান্তিক অনুরোধে লিখেছিলেন। গানটি গেয়েছিলেন বাংলা সংগীতের দুই দিকপাল সৈয়দ আব্দুল হাদী ও সুবীর নন্দী। আমি ও গেয়েছিলাম আর ছিলেন স্বনামধন্য গায়িকা শাকিলা জাফর।