এশিয়া কাপ নিয়ে নাটক যেন থামছে না। টুর্নামেন্টটির ভেন্যু নিয়ে দেন-দরবার কম হয়নি। এবার নাটক শুরু হয়েছে ধারাভাষ্যে কারা থাকবেন সেটি নিয়ে। গত ১২ আগস্ট টুর্নামেন্টটি মাতানোর জন্য ১২ জন ধারাভাষ্যকারের নাম জানানো হয়েছিল। তবে সেই তালিকা পরিবর্তিত হয়েছে। আগেরবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আতাহার আলী খানের নাম থাকলেও পরিবর্তিত তালিকায় নেই তার নাম। ফলে বাংলাদেশ থেকে কোনো ধারাভাষ্যকারই থাকছেন না এশিয়া কাপে।
১২ জনের জায়গায় এবার ধারাভাষ্যে থাকবেন ১৯ জন। এর মধ্যে ভারতের ১১ জন, পাকিস্তানের ৪ জন, শ্রীলংকার ১ জন ও নিরপেক্ষ ৩ জন। পাকিস্তান থেকে ধারাভাষ্য প্যানেলে আগে পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা থাকলেও নতুন তালিকায় নেই তিনি। তার জায়গায় এসেছেন সাবেক ব্যাটার আমির সোহেল। থাকছেন পাকিস্তানের কিংবদন্তি দুই পেসার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও বাজিত খান।
আগের তালিকায় নিরপেক্ষ আম্পায়ার হিসেবে শুধু নিউজিল্যান্ডের স্কট স্টাইরিস থাকলেও এবার নেই তিনি। যুক্ত হয়েছেন ম্যাথু হেইডেন, অ্যান্ডি ফ্লাওয়ার ও ডমিনিক কর্ক। শ্রীলংকা থেকে আগের তালিকায় থাকা রাসেল আর্নল্ড বাদ পড়েছেন। তার বদলে এসেছেন মারভান আতাপাত্তু। আর ভারত থেকে আগে থেকেই ছিলেন রবি শাস্ত্রী, সঞ্জয় মাঞ্জরেকর, গৌতম গম্ভীর, ইরফান পাঠান ও দীপ দাশগুপ্ত। নতুন করে যুক্ত হয়েছেন ৬ জন। তারা হচ্ছেন, হরভজন সিং,পীযূষ চাওলা, সঞ্জয় বাঙ্গার,মোহাম্মদ কাইফ, আদিত্য তারে ও রজত ভাটিয়া।
এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেল:
রবি শাস্ত্রী, গৌতম গম্ভীর, হরভজন সিং, ইরফান পাঠান, পীযূষ চাওলা, সঞ্জয় বাঙ্গার, সঞ্জয় মাঞ্জরেকর, দীপ দাশগুপ্ত, মোহাম্মদ কাইফ, আদিত্য তারে, রজত ভাটিয়া, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, আমের সোহেল, বাজিদ খান, মারভান আত্তাপাত্তু নিরপেক্ষ: অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে), ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া), ডমিনিক কর্ক (ইংল্যান্ড)
