কৃষি ও সেবাখাতে নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ইতালির মন্ত্রীরা এ আগ্রহ দেখিয়েছেন।

গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ইতালির কৃষিমন্ত্রী ফ্রান্সেসকো ললোব্রিগিদা, স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি এবং বিচারমন্ত্রী কার্লো নর্দিওর বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ইতালির মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালি তার সেবা ও কৃষি খাতে বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায়। বিদেশে যাওয়ার ক্ষেত্রে যথাযথ চ্যানেল বজায় রাখার ওপর ইতালির মন্ত্রীদের এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর গুরুত্বারোপের কারণে অবৈধ শ্রমিকদের বিষয়টিও বৈঠকে উঠে এসেছে।

বৈধ ও অবৈধ উভয় শ্রমিক ইতালি এবং বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময়ই অবৈধ শ্রমিকদের নিরুৎসাহিত করে। তাই ইতালিতে বসবাসরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা সুশিক্ষিত ও দক্ষ তাদের বৈধ করার আহ্বান জানাই।

আব্দুল মোমেন আরও বলেন, ইতালি খুবই খুশি যে বাংলাদেশ সরকার বৈধ উপায়ে শ্রমিক অভিবাসনে সহায়তা করবে। এদিকে, গত ৭ জুলাই ইতালির শ্রমিক চাহিদা পূরণের জন্য তিন বছরমেয়াদি বিদেশি শ্রমিক নিয়োগের কোটা প্রকাশ করেছে। দেশটির মন্ত্রীপরিষদের প্রকাশিত এই নিয়োগে ২০২৩-২০২৫ সালের জন্য ইতালিতে বৈধ প্রবেশের সময় ও ক্ষেত্রসমূহ অনুমোদন করা হয়।

বিবৃতিতে জানা যায়, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের জন্য সরকার মোট ৪ লাখ ৫২ হাজার শ্রমিকের কোটা ঘোষণা করেছে। এর মধ্যে ২০২৩ সালে ১ লাখ ৩৬ হাজার, ২০২৪ সালে ১ লাখ ৫১ হাজার এবং ২০২৫ সালের জন্য ১ লাখ ৬৫ হাজার জন শ্রমিক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

এ ছাড়া এবার শ্রমিক নিয়োগে কাজের ক্ষেত্র বাড়ানো হয়েছে। দেশটিতে ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বারদের সঙ্গে পারিবারিক সহায়তা (ডমিস্টিক) এবং সামাজিক-স্বাস্থ্যসেবা কর্মীর (ডাক্তার, নার্স) জন্য একটি নির্দিষ্ট কোটা পুনরায় চালু করা হয়েছে। এ ছাড়া যাত্রীবাহী বাসের ড্রাইভার এবং মাছ ধরার জন্য জেলে শ্রমিক যোগ করা হয়েছে।

মৌসুমি কাজের জন্য, কৃষি এবং পর্যটন খাতের কোটাগুলো মূলত ভারত-বাংলাদেশসহ ৩৩টি দেশের শ্রমিকদের জন্য সংরক্ষিত আছে। এসব দেশগুলো নিয়মিত অভিবাসন এবং অনিয়মিত অভিবাসনের সুবিধার্থে ইতালির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করে।