আবারও তাইওয়ান প্রণালীতে দেখা গেলো চীনা যুদ্ধবিমান। চীনের ২৪টি যুদ্ধবিমান আবারও তাইওয়ান প্রণালীতে প্রবেশ করেছে। এর মধ্যে বিতর্কিত মধ্যরেখা অতিক্রম করেছে ১০ টি যুদ্ধবিমান।
পাল্টা প্রতিক্রিয়ায় রোববার আকাশে নিজেদের যুদ্ধবিমান পাঠিয়েছে বলে দাবি করছে তাইওয়ান। একই সঙ্গে প্রণালীটিতে ৪টি চীনা যুদ্ধজাহাজ টহল চালিয়েছে বলে দাবি দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। খবর রয়টার্স ও আলজাজিরার।
রোববার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার মধ্যে ২৪টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করেছে তারা। এর মধ্যে জে-১০, জে-১১, জে-১৬ যুদ্ধবিমান ও এইচ-৬ বোমারু বিমান উল্লেখযোগ্য।
বিবৃতিতে জানানো হয়েছে, অন্তত ১০টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যম রেখা অতিক্রম করেছে, যেটি ২ দেশের অনানুষ্ঠানিক জলসীমা হিসেবে বিবেচিত। তবে চীন এই সীমারেখাকে স্বীকার করে না এবং দেশটি গত বছর থেকে শুরু করে এখানে নিয়মিত মহড়া চালিয়ে যাচ্ছে।
গত ১ সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে তাইওয়ানের সীমানায় চীনের দ্বিতীয় মহড়া এটি। গত বৃহস্পতিবার ৩৭টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়ে।
