ভারতের রাজস্থানে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, সামরিক বাহিনীর মিগ-২১ বিমান সোমবার রাজস্থানের একটি বাড়িতে বিধ্বস্ত হয়। এতে ওই বাড়ির তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
পুলিশ কর্মকর্তা সুধীর চৌধুরী এএফপি নিউজ এজেন্সিকে বলেন, ‘বিমানের পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।’ ভারতের বিমানবাহিনী (আইএএফ) দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। এক বার্তায় আইএএফ জানিয়েছে, রুটিন প্রশিক্ষণের সময় একটি মিগ-২১ সুরতগড়ে দুর্ঘটনায় পড়ে।
পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন। বিকানেরের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ বলেন, পাইলট মানুষের হতাহতের ঘটনা এড়াতে সকল প্রচেষ্টা করেছিলেন। গ্রামের উপকণ্ঠে বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে।
