গুইলারমো ওচোয়াকে রেখেই কাতার বিশ্বকাপের দল গড়েছে মেক্সিকো। ৩৭ বছর বয়সী এই গোলরক্ষকের এটা হবে পঞ্চম বিশ্বকাপ। তাঁর বীরত্বেই ২০১৪ সালে স্বাগতিক ব্রাজিলের সঙ্গে ড্র করেছিল মেক্সিকো। জেরার্দো মার্তিনোর ২৬ সদস্যের দলে আছেন মিডফিল্ডার আন্দ্রেস গুয়ার্দাদোও।

৩৬ বছর বয়সী এই মিডফিল্ডারেরও এটা পঞ্চম বিশ্বকাপ। গুয়ার্দাদোসহ ইউরোপিয়ান লিগে খেলা ৯ ফুটবলারকে নিয়ে কাতার বিশ্বকাপের দল গড়েছেন মার্তিনো। প্রত্যাশিতভাবে চোটের জন্য ছিটকে গেছেন উইঙ্গান জেসুস করোনার। বাদ পড়েছেন গত তিনটি বিশ্বকাপ খেলা লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির ফরোয়ার্ড হাভিয়ের হার্নান্দেজও।

আগামী ২২ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার মিশন শুরু হবে মার্তিনোর দলের। ১৯৯৪ সালের পর প্রতিবার গ্রুপ পর্ব পেরোলেও শেষ ষোলোতে আটকে যাচ্ছে তারা বারবার। ওই গেরো খুলে এবার অন্তত কোয়ার্টার ফাইনাল খেলতে চায় মেক্সিকো।

একনজরে মেক্সিকোর বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক : গুইলারমো ওচোয়া, আলফ্রেডো তালাভেরা, রডলফ কোটা

ডিফেন্ডার : কেভিন আলভারেজ, নেস্টর আরাউজো, জেরার্ডো আর্টেগা, জেসুস গ্যালার্দো, হেক্টর মোরেনো, সিজার মন্টেস, হোর্হে সানচেজ, জোহান ভাসকেজ

মিডফিল্ডার : এডসন আলভারেজ, রবার্তো আলভারাডো, উরিয়েল আন্টুনা, লুইস শ্যাভেজ, আন্দ্রেস গুয়ার্দাদো, এরিক গুতেরেজ, হেক্টর হেরেরা, ওরবেলিন পিনেদা, কার্লোস রদ্রিগেজ, লুইস রোমো

ফরোয়ার্ড : রোজেলিও ফুনেস মোরি, রাউল জিমেনেজ, হারভিং লোজানো, হেনরি মার্টিন, অ্যালেক্সিস ভেগা।