রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েও এবার ৭১ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে সংরক্ষিত পোষ্য (ওয়ার্ড) কোটা, খেলোয়াড় কোটা ও বিশেষ বিবেচনায় তাঁদের ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। গত রবিবার বিকেলে ভর্তি উপকমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সভায় বিশেষ বিবেচনায় চারজনকে ভর্তি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার আসনসংখ্যা চারটি বাড়ানো হয়েছে।

ভর্তি পরীক্ষা কমিটির একাধিক সদস্য গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেন।  অকৃতকার্য হওয়া সত্বেও এর আগে ২০২০-২১ শিক্ষাবর্ষে পোষ্য কোটায় অন্তত ৭০ জন ও ২০১৯-২০ শিক্ষাবর্ষে অন্তত ৪৫ জন ভর্তির সুযোগ পান। প্রতিবছরই এভাবে কোটা সুবিধায় অকৃতকার্য শিক্ষার্থীরা ভর্তি হওয়ায় মেধাবীরা বঞ্চিত হচ্ছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের আইনে ভর্তি বিষয়ে কোটাসংক্রান্ত সুবিধার কথা সুস্পষ্টভাবে উল্লেখ নেই। তবে কমিটিকে ক্ষমতা দিয়ে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব ভর্তি কার্যক্রম আইনের ৪৬ ধারা অনুযায়ী ভর্তি কমিটি নির্ধারিত কার্যপ্রণালী মেনেই তৈরি করা হবে। এ ধারাকে কাজে লাগিয়েই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি চালু করা হয়।

ভর্তি উপকমিটি সূত্র জানায়, চলতি বছর রাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কৃতকার্য নম্বর নির্ধারণ করা হয়েছিল ৪০। এ ছাড়া মোট আসনের বিপরীতে ৫ শতাংশ আসন (ওয়ার্ড কোটা) বরাদ্দ ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য। কিন্তু নির্ধারিত পাস নম্বর না পাওয়ায় পোষ্য কোটার আসনগুলো খালি ছিল। এর পরিপ্রেক্ষিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের সন্তানদের ভর্তির আবেদন করেন, যার পরিপ্রেক্ষিতে পাস নম্বর ৩০ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ৭১ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন।

ভর্তি উপকমিটির এক সদস্য বলেন, ‘কোটা নিয়ে আমরা বেশ বিব্রত। প্রথম দফা আবেদন আসার পর সভা ডেকেছিলাম। সেখানে আমরা অকৃতকার্যদের নেওয়ার বিপক্ষে মত দিয়েছিলাম। কিন্তু শিক্ষার্থীদের অভিভাবকরা যাঁরা এখানকার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী তাঁরা পুনরায় আবেদন করেন। এরপর ফের বৈঠকে বসতে বাধ্য হই। সেখানে অকৃতকার্যদের ভর্তির সিদ্ধান্ত হয়। তবে এই ক্ষেত্রে অকৃতকার্যরা মোস্ট ডিমান্ডেবল সাবজেক্টগুলোতে (ভালো বিষয়) ভর্তি হতে পারবেন না। এ ছাড়া ওয়ার্ড কোটা ১ শতাংশ কমিয়ে ৪ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিরা অকৃতকার্যদের ভর্তির পক্ষে ছিলেন না। কিন্তু বিভিন্ন জায়গা থেকে চাপ আসায় তাঁরা বাধ্য হয়েছেন। ’

কমিটি সূত্রে জানা গেছে, ভর্তির সুযোগ পাওয়া ৭৫ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ইউনিটের ৭১ জন রয়েছেন, যাঁরা নির্ধারিত পাস নম্বর ৪০ পাননি। তাঁদের মধ্যে ৩০ থেকে ৩৪ নম্বর পেয়েছেন ৩০ জন, ৩৫ থেকে ৩৭ পেয়েছেন ১৬ জন এবং ৩৮ থেকে ৩৯ পেয়েছেন ১৪ জন। এ ছাড়া সাতজন শিক্ষার্থী ৪০ নম্বর পেলেও ‘সি’ ইউনিটের শর্ত অনুযায়ী আবশ্যিক অংশে ২৫ এবং ঐচ্ছিকে ১০ না পাওয়ায় তাঁরাও অকৃতকার্য ছিলেন। শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালকের সুপারিশে খেলোয়াড় কোটায় চারজনকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। তাঁরা কেউ পরীক্ষায় কৃতকার্য হননি।

বিভাগে ভর্তি হওয়ার জন্য পোষ্য কোটা না থাকার পরও বিশেষ বিবেচনায় ডাইনিং কর্মচারীর দুই সন্তানকে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। পরীক্ষায় কৃতকার্য হলেও তাঁদের সিরিয়াল অনেক দূরে ছিল। এ ছাড়া বিভাগে ভর্তি হওয়ার জন্য ৫ শতাংশ পোষ্য কোটার আসন খালি না থাকলেও বিশেষ বিবেচনায় দুজনকে ভর্তির সুপারিশ করা হয়েছে।

এদিকে ভর্তি উপকমিটির সভার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় পারিবারিক শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে যাচ্ছে মন্তব্য করে রাকসু আন্দোলন মঞ্চের আহŸায়ক আব্দুল মজিদ অন্তর বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা সুনাম ও ঐতিহ্য আছে। অযোগ্য শিক্ষক-কর্মকর্তা নিয়োগ, ভর্তি করার ক্ষেত্রে পোষ্য কোটার নামে মেধাবী শিক্ষার্থীদের বাদ দিয়ে ফেল (অকৃতকার্য) করা শিক্ষার্থীদের ভর্তি করার কারণে সেই সুনাম নষ্ট হয়ে যাচ্ছে। এই ফেল করা শিক্ষার্থীরাই একসময় পিতৃপরিচয়ে কর্মকর্তা-কর্মচারী বা শিক্ষক হবেন। এই ফেল করা শিক্ষার্থীদের উদ্দেশ্য সার্টিফিকেট নেওয়া ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টরে চাকরি করা। তাঁদের বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী হওয়ায় তাঁরা ভেবে রাখেন বিশ্ববিদ্যালয়ে পড়া তাঁদের নিশ্চিত। এ জন্য তারা স্কুল-কলেজে মেধার চর্চা করেন না। ’

অকৃতকার্যদের ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো: ফরিদ উদ্দিন খান বলেন, ‘একজন শিক্ষক হিসেবে বিষয়টি নিয়ে আমি লজ্জিত। আমি চাই এ ধরনের সিদ্ধান্ত যেন বাস্তবায়ন না করা হয়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সন্তান ন্যুনতম পাস নম্বর পায়নি; কিন্তু তার জন্য এত দয়া দেখানো হবে। এটি ঠিক নয়। বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের অর্থে চলে, এখানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দয়া-দাক্ষিণ্য দেখানোর জন্য খোলা হয়নি। এই বিষয়টিকে প্রচÐ ঘৃণা করি। ’

সার্বিক বিষয়ে ভর্তি উপকমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান উল ইসলাম বলেন, ‘আসন ফাঁকা থাকায় অকৃতকার্য কয়েকজনকে ভর্তির সুপারিশ করা হয়েছে। তবে আগামীতে যাতে এমনটি না হয়, সে জন্য ওয়ার্ড কোটা ১ শতাংশ কমিয়ে ৪ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে।