কাজলের ৩০ বছর কেটে গেল বলিউডে। অঞ্জলির বয়সও এখন ৫০ ছুঁই ছুঁই। স্বামী, পুত্র-কন্যা নিয়ে ভরা সংসার তাঁর। তবুও আজ ঐতিহাসিক জুটি হিসেবে স্বীকৃতি পান রাহুল-অঞ্জলি।

বলিউডে শাহরুখ-কাজলের জুটি এখনও হার মানায় নতুন নতুন বলিউড জুটিদেরও। আজ বলিউডে ৩০ বছর সম্পন্ন করলেন অভিনেত্রী কাজল। আর তাঁর এই যাত্রাপথে ভক্তদের ভালোবাসা, সমর্থন পেয়ে নায়িকা কৃতজ্ঞ, সেটাও জানিয়েছেন। বিশেষ দিন উপলক্ষে কাজল এদিন তাঁর ইনস্টাগ্রামে নিজের কয়েকটি মাইলস্টোন সৃষ্টিকারী সিনেমা থেকে শুরু করে তাঁর অভিনীত কয়েকটি জনপ্রিয় চরিত্রের স্থিরচিত্রের একটি ভিডিও তৈরি করে পোস্ট করেছেন।

সঙ্গে ক্যাপশনে লিখেছেন, কেউ গতকাল আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কী অনুভব করছি? সত্যিই এটিকে শব্দে তুলে ধরতে পারবনা। শুধু এটাই বলব যে সবাই আমাকে এত নিঃশর্তভাবে ভালোবাসা দিয়েছে যে, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ!

কাজল অভিনীত আলোচিত সিনেমা

তনুজা এবং পরিচালক শমু মুখোপাধ্যায়ের বড় কন্যা কাজল, ১৯৯২ সালে আজকের দিনেই অর্থাৎ ৩১ জুলাই মুক্তিপ্রাপ্ত অ্যাকশন ড্রামা ফিল্ম “বেখুদি” দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। পরবর্তী তিন দশক ধরে তিনি একাধিক চলচ্চিত্র গোটা দেশবাসীকে উপহার দিয়েছে। যা সর্বকালের সেরা হিসেবেই গন্য হয়ে থাকবে।

কাজল ‘ইয়ে দিল্লাগি’ থেকে শুরু করে ‘দুশমন’, ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’, এবং ‘পেয়ার তো হোনা হি থা’, ‘ফানা’ এবং ‘গুপ্ত’ এর মতো একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন বলিউডকে। এছাড়াও শাহরুখের সঙ্গে জুটি বেঁধে ‘বাজিগর’, ‘করণ অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম…’, ‘মাই নেম ইজ খান’, ‘দিলওয়ালে’ এর মতো একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন বলিউডকে।