বর্তমানে টালিউডের সুখি দম্পতি হলো রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার তারা একসঙ্গে নেমেছেন তাদের নতুন ছবির প্রচারণায়। আসছে ৩ জুন মুক্তি পাবে রাজ পরিচালিত ছবি ‘হাবজি গাবজি’। সিনেমাটি দিয়ে দর্শকদের মন জয় করতে চায় পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী আর সম্যন্তকদ্যুতি মৈত্র।
‘হাবজি গাবজি’র প্রচারণায় নেমে ভারতীয় এক সংবাদমাধ্যমকে রাজ বলেছেন, আমরা ঈশ্বরের পাঠানো জুটি। কারণ শুভশ্রীকে ছাড়া আমি এখন কিছুই ভাবতে পারি না। সমস্যা নিয়েই আমাদের জীবন। খারাপের মধ্যে থেকেই আমাদের ভালো দিক খুঁজে নিতে হবে।
রাজ ও শুভশ্রী জুটির এমন রসায়নের রহস্য কী? এমন প্রশ্ন শুনেই চোখেমুখে আনন্দ ঝড়ে পড়তে দেখা যায় তাদের। রাজের সাফ জবাব, আমাদের বোঝাপড়া, বন্ধুত্ব অন্য পাঁচজনের মতো নয়। ওপরওয়ালা খুব যত্ন নিয়ে আমাদের জুটি বানিয়েছেন। আমার সব কাজ, সব পরিশ্রম, সব ভালো কিছুর এনার্জি শুভশ্রীর মধ্যেই লুকিয়ে।
শুধু রাজ নন, চক্রবর্তী পরিবারের সব সদস্যের কাছেই শুভশ্রী ভীষণ প্রিয়। হাসতে হাসতেই নাকি ভালো-মন্দ সবকিছু মোকাবিলা করেন তিনি। যেখানে নেতিবাচকতা সেখান থেকেই নিজেকে সরিয়ে নেন শুভশ্রী। এ প্রসঙ্গে তার বক্তব্য, গান শোনা, বই পড়া, ছবি দেখা, আড্ডাবাজি আর সপরিবারে বেড়াতে যাওয়াই আমার মন ভালো থাকার কারণ। সঙ্গে ভুরিভোজ তো আছেই। একমাত্র সন্তান ইউভান আমাদের সুখ-শান্তি আরও বাড়িয়ে দিয়েছে।
সূত্র: আনন্দবাজার
