ছাত্রাবাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছে। বুধবার (১০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর আমজাদের মোড় সংলগ্ন এলাকায়এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী সাফফাত নাঈম নাফিকে উদ্ধর করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আসাবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন আহত শিক্ষার্থীর নাম সাফফাত নাঈম নাফি। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী। গ্রামের বাড়ি টাঙ্গাইল। তিনি আমজাদের মোড়ের পার্শ্ববর্তী এন আর ছাত্রাবাসে থাকতেন।
স্থানীয়রা জানান, ওই ছাত্রের সাথে ছাত্রাবাসের কিছু ছাত্রের কোনো বিষয় নিয়ে বাগবিতন্ডার সৃষ্টি হয়। সেটি সমাধানে আহত শিক্ষার্থী তার বন্ধু-বান্ধব, সিনিয়রদের ডেকে নিয়ে আসে । পরে ছাত্রাবাস থেকে বের হওয়ার সময় নিচে থাকা ৪-৫ জনের সাথে ধস্তাধস্তি হওয়ার এক পর্যায়ে তিনি ছুরিকাঘাতে আহত হন বলে জানান।
এদিকে এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে প্যারিস রোডে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের আশ্বাসে বিক্ষোভ থেকে সরে আসেন শিক্ষার্থীরা।
এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর কিছু সময় পর উপাচার্য এসে তাদের আন্দোলনে একাত্মতা পোষণ করেন। একই সঙ্গে দোষীদের শাস্তির বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
এ সময় উপাচার্য বলেন, পুলিশকে সঙ্গে নিয়ে আমরা কাজ করছি। তার আগে আমার ছেলেটাকে বাঁচাই। সকালে ডাক্তার যেতে দেরি করায় আমি প্রশাসনকে বলে ডাক্তার পাঠিয়েছি। ডাক্তার বলেছে ঢাকায় পাঠালে ভালো হবে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পাঠিয়েছি। কিছুক্ষণের মধ্যে রওয়ানা হয়ে যাবে। আমি ওর বাড়িতে যোগাযোগ করেছি।
তিনি আরও বলেন, মেস মালিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আমরা মামলা করবো। সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন ও পুলিশ প্রশাসনসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশের সব মেস মালিককে নিয়ে আমরা বসবো। শিক্ষার্থীদের মঙ্গলের জন্য যা যা করা দরকার আমি তাই করবো। আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার ও মনিটরিং বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে।
মেস মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যাদেরকে দিয়ে ব্যবসা করছো। এই ছাত্ররা আছে বলেই তোমরা রাজশাহীতে টিকতে পারছো। শিক্ষার্থীরা না থাকলে তোমাদের ভবন দিয়ে কী হবে?
এদিকে আহত নাফির বিভাগের বড় ভাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা আমাদের অভিভাবক উপাচার্যের অনুরোধে বিক্ষোভ মিছিল এখানেই স্থগিত করছি। আগামী রোববারের মধ্যে দুর্বৃত্তরা গ্রেফতারের আওতায় না আসলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলবো। এর জন্য সব শিক্ষার্থীকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান।’
