সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, দোয়ারাবাজার উপজেলার ৫৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ১ লাখ ৬৯ হাজার ২২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন চার প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নুরুল ইসলাম। এ ছাড়াও স্বতন্ত্র হিসেবে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম এ বারী (আনারস), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবু সালেহ (লাঙ্গল), উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী (কাপ পিরিচ) লড়াইয়ে আছেন।

সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, নির্বাচনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি উপজেলাবাসীকে সুষ্ঠু সুন্দর এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিতে পারব।

প্রসঙ্গত, ২০১৯ সালে দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম। গত বছরের ৩০ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।