‘চেষ্টা তো অনেকেই করলেন। শিক্ষামন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষকবৃন্দ….কিন্তু কারো কথা শুনলো না শিক্ষার্থীরা। অবশেষে জাফর ইকবাল করলেন বাজিমাত! এ যেন ম্যাজিকম্যান!’
সামাজিক যোগাযোগমাধ্যমে এই কথাগুলো লিখে পোস্ট করেছেন একজন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙাতে অধ্যাপক জাফর ইকবাল সফল হওয়ার পর এই কথাগুলো লিখেছেন তিনি।
শাবিতে ১৩ জানুয়ারি রাতে শুরু হয় আন্দোলন। ১৯ জানুয়ারি বিকাল থেকে শুরু হয় অনশন। অবশেষে আজ বুধবার (২৬ জানুয়ারি) প্রায় ১৬৩ ঘন্টা পর অনশন ভেঙেছেন শিক্ষার্থীরা। শাবির সাবেক দুই শিক্ষক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমিনের হকের চেষ্টায় তারা অনশন ভাঙেন। এ দম্পতি গতকাল রাতে ঢাকা থেকে রওয়ানা দেন। আজ বুধবার ভোরে তাঁরা ক্যাম্পাসে পৌঁছান।
সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের অনশন ভাঙাতে জাফর ইকবাল যে ‘ম্যাজিকম্যান’ হিসেবে কাজ করেছেন, তা ঘটনাপ্রবাহই বলে দেয়। শিক্ষার্থীরা ৭ দিন অনশন চালিয়েছেন। সেই অনশন ভাঙাতে, আন্দোলন থামাতে অনেকেই অনেকভাবে চেষ্টা করেছেন, কিন্তু কেউই সফল হননি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কয়েক দফায় আলোচনার টেবিলে বসতে আহবান জানিয়েছেন। তিনি একবার ফোনকলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, আরেকবার ভিডিওকলে কথা বলেন। কিন্তু তাঁর আহবানে সাড়া দেয়নি শিক্ষার্থীরা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল স্থানীয় কয়েকজন দলীয় নেতাকে সঙ্গে করে একাধিকবার চেষ্টা করেছেন শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরিয়ে আনতে, তাদের অনশন ভাঙাতে। কিন্তু তাঁরাও সফল হননি।
শাবির শিক্ষক সমিতির সভাপতি তুলসি কুমার দাশ, সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম, সহসভাপতি আশরাফুল ইসলামরা মিলে শিক্ষার্থীদের জন্য খাবার নিয়ে গেছেন, তাদের অনশন ভাঙতে অনুরোধ করেছেন, কোনো সাড়া মেলেনি।
শাবির কয়েক শত শিক্ষক একযোগে শিক্ষার্থীদের কাছে গিয়ে অনশন ভাঙতে আহবান জানিয়েছেন, কিন্তু তবু কাজ হয়নি।
এ ছাড়াও সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খান, সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ইলিয়াসুর রহমান ইলিয়াস, মখলিছুর রহমান কামরানসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের অনেকেই শিক্ষার্থীদের অনশন ভাঙানোর চেষ্টা করেন। কিন্তু কারো আহবানেই সাড়া দেননি শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে তারা ছিলেন অনড়। তাঁর পদত্যাগ বা অপসারণ না হলে কিছুই খাবেন না বলে ঘোষণা দেন তারা। অনশনরত অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হন। কিন্তু তাদেরকে কিছু খাওয়াতে পারেননি চিকিৎসকরা। শুধুমাত্র স্যালাইনের জোরে টিকে ছিলেন এসব শিক্ষার্থী।
কিন্তু ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল তাদের শারীরিক অবস্থা। কেউ মারা যায় কিনা, সেই ভয় জেঁকে বসেছিল সবার মনে।
সূত্রমতে, উদ্ভূত পরিস্থিতিতে শাবির সাবেক শিক্ষক দম্পতি অধ্যাপক জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমিন হক দম্পতির শরণাপন্ন হন সরকারের একটি মহল। গতকাল মঙ্গলবার ঢাকায় জাফর ইকবালের বাসায় যান উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা। পরিস্থিতি সামাল দিতে কী করা যায়, সে বিষয়ে তাঁরা এই দম্পতির পরামর্শ ও সাহায্য চান। সেখানেই ঠিক হয়, জাফর ইকবাল ও ইয়াসমিন হক শাবিতে যাবেন।
পরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে জুমের মাধ্যমে বৈঠক করেন এই শিক্ষক দম্পতি। শিক্ষার্থীরা দ্রুত শাবিতে আসতে অনুরোধ জানান তাঁদেরকে। এ প্রেক্ষিতেই গতকাল রাতে ঢাকা থেকে রওয়ানা দেন তাঁরা।
আজ বুধবার গভীর রাত ৩টা ৫৪ মিনিটে জাফর ইকবাল ও ইয়াসমিন হক শাবির প্রধান ফটকে পৌঁছেন। এরপর ৪টার দিকে তাঁরা যান যান অনশনস্থলে।
সেখানে আন্দোলনরতদের সঙ্গে কথা বলেন জাফর ইকবাল। অনশনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা জানো না, কত বড় আন্দোলন তোমরা করেছ। এখন সব বিশ্ববিদ্যালয় কাঁপছে। তোমরা যেটা চেয়েছ, সেটা পাবে। এটা তোমাদের ক্যাম্পাস। তোমরা যেভাবে সাজাতে চাও, এই ক্যাম্পাস সেভাবে সাজানো হবে। কিন্তু এখন অনশন ভাঙতে হবে। তোমাদের আন্দোলনের কারণে ৩৪ জন ভাইস চ্যান্সেলরের ঘুম নেই। তোমরা অনশন না ভাঙলে আমিও যাব না। এখানেই থাকব। তোমাদের না খাইয়ে আমি যাব না।’ শিক্ষার্থীরা পুলিশের মামলার কথা বললে জাফর ইকবাল বলেন, ‘চিন্তা কোরো না, সব ঠিক হয়ে যাবে। আমি আশ্বাস দিচ্ছি, মামলা প্রত্যাহার হবে।’
তিনি শিক্ষার্থীদের বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর একটা স্মারকগ্রন্থের জন্য আমার কাছে একটা লেখা চাওয়া হয়েছিল। সেই লেখাটার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ১০ হাজার টাকা সম্মানী দেওয়া হয়েছে। আমি এই সম্মানীর টাকাটা নিয়ে এসেছি। এই আন্দোলনের ফান্ডে টাকাটা দিচ্ছি। তোমরা রাখো। এবার পারলে আমাকে অ্যারেস্ট করুক।’
এরপর আজ সকাল ১০টা ২০ মিনিটে অনশনরতদের পানি পান করিয়ে অনশন ভাঙান জাফর ইকবাল। শেষ হয় প্রায় ১৬৩ ঘন্টার রুদ্ধশ্বাস প্রতীক্ষা। যাঁরা চেষ্টা করেছেন, তাঁরা ব্যর্থ হলেও অধ্যাপক জাফর ইকবাল ও ইয়াসমিন হক সফলতা নিয়েই ফিরছেন ঢাকায়।
শাবির আন্দোলনের শুরুটা হয় বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্টের অসদাচরণের প্রতিবাদে গত ১৩ জানুয়ারি রাতে। গত ১৫ জানুয়ারি আন্দোলনরতদের ওপর ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হলের প্রভোস্টের অপসারণ, অব্যবস্থপনা দূর, ছাত্রলীগের হামলার বিচার চেয়ে পরদিন (১৬ জানুয়ারি) সকল শিক্ষার্থী আন্দোলনে সামিল হন। সেদিন উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। তাকে মুক্ত করতে গেলে পুলিশকে বাধা দেন শিক্ষার্থীরা। এতে উভয়পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। পুলিশ রাবার বুলেট ও গ্রেনেড নিক্ষেপ করে।
১৬ জানুয়ারির পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের ওই ঘটনায় দুই থেকে তিনশ’ অজ্ঞাত শিক্ষার্থীর বিরুদ্ধে পরদিন (১৭ জানুয়ারি) রাতে মামলা করে পুলিশ। মামলার এজাহারে পুলিশ লিখে, সেদিন শিক্ষার্থীরা পুলিশের ওপর গুলিও ছুঁড়েছিল। এ মামলা প্রত্যাহারে মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১০টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে মামলা প্রত্যাহার হয়নি।
১৬ জানুয়ারির সংঘর্ষের পর আন্দোলন উপাচার্যবিরোধীতায় রূপ নেয়। গত ১৮ জানুয়ারি রাতে শিক্ষার্থীরা উপাচার্যকে পদত্যাগ করতে ১৯ জানুয়ারি দুপুর ১২টা অবধি সময় বেঁধে দেন। এ সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করায় পূর্বঘোষণা অনুসারে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী। এর মধ্যে একজনের বাবা অসুস্থ হয়ে পড়ায় তিনি বাড়ি চলে যান। পরে আরও ৫ জন তাদের সঙ্গে যোগ দেন। তাদের অনশন শেষ হলো আজ বুধবার সকালে।
এর মধ্যে শিক্ষামন্ত্রীর আহবান, আওয়ামী লীগ নেতাদের তৎপরতা, ভিসির বাসভবন ঘেরাও ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, খাবার নিয়ে ভিসিভবনে যেতে বাধা, পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রদান, খাবার নিয়ে যেতে বাধা না দেওয়াসহ নানা ঘটনা ঘটে।
