নিজেদের শেষ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আজ বৃহস্পতিবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় তারা। পূর্ণ সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল।
রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ৭ম মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। রায়হানের লম্বা থ্রো-ইন থেকে বল নিয়ে কোনাকুনি শটে রহমতগঞ্জের জালে বল পাঠান নুরুল আবসার। সমতায় ফিরতে মরিয়া রহমতগঞ্জ প্রথমার্থে কয়েকবার চেষ্টা করলেও ব্যর্থ হয়। তবে বিরতির পর খেলতে নেমে কোণঠাসা হয়ে পড়ে রহমতগঞ্জ।
কয়েকটি দারুণ আক্রমণে উঠলেও অবশ্য গোলের দেখা পায়নি শেখ জামাল। নির্ধারিত সময় শেষ হলে অতিরিক্ত সময়ে এসে রহমতগঞ্জ স্কোরলাইন ১-১ করে ফেলে। ফিলিপের পাস ধরে শেখ জামালের পোস্টে সহজেই লক্ষ্যভেদ করেন সানডে। সমতায় থেকে ম্যাচ শেষের পর টাইব্রেকারে বাজিমান করে শেখ জামাল। ৫-৪ ব্যবধানে ম্যাচটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয় দেশের অন্যতম শীর্ষ এই ক্লাব।
