ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কাপের কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার দিবাগত রাতে মাঠে নেমেছিল আর্সেনাল। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল সান্ডারল্যান্ড। ম্যাচে সান্ডারল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে আর্সেনাল।

আর্সেনালের এডি এনকেটিয়া দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন। একটি করে গোল করেন নিকোলাস পেপে ও পাতিনো। সান্ডারল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন নাথান ব্রডহেড।

ম্যাচের ১৭তম মিনিটে গোল করে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন এনকেটিয়া। ২৭তম মিনিটে নিকোলাস পেপে গোল করে ব্যবধান দ্বিগুন করেন। ৩১তম মিনিটে নাথান ব্রডহেড সান্ডারল্যান্ডের হয়ে একটি গোল পরিশোধ করেন। এর পর ম্যাচের বাকিটা সময় ছিল আর্সেনালের নিয়ন্ত্রণে।

ম্যাচের ৪৯তম মিনিটে ও ৫৮তম মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এনকেটিয়া। ৯১তম মিনিটে আরো একটি গোল করে আর্সেনালের বড় জয় নিশ্চিত করেন পাতিনো।