নিরাপত্তাহীনতার অজুহাতে সিরিজ না খেলেই পাকিস্তান ত্যাগ করেছিল নিউজিল্যান্ড। বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে ব্যাপক সমালোচনা হয়। আর্থিক ক্ষতির মুখে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ক্ষতি সুদে আসলে পুষিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। টানা দুই বছর বাবর আজমের আতিথ্য নেবে কিউইরা। বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।

সোমবার এক বিবৃতির মাধ্যমে পিসিবি জানায়, ২০২২ সালের ডিসেম্বরে একবার, পরের বছরের এপ্রিলে ফের পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

২০২২ সালের সফরটি ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ। সেই সফরে পাকিস্তানের সঙ্গে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালে ৫টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুদল।

তবে ম্যাচের সূচি ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। দ্বিতীয় দফা সফরটি মূলত হবে চলতি বছরের সেপ্টেম্বরে স্থগিত হওয়া সিরিজের বদলি হিসেবে।

গত ১৭ই সেপ্টেম্বর তিন ওয়ানডে সিরিজ শুরুর প্রাক্কালে কোনো ম্যাচ না খেলে পাকিস্তান সফর বাতিল করে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ক্রিকেটের বিবৃতিতে বলা হয়েছিল, সরকারের পক্ষ থেকে পাকিস্তান নিয়ে নিরাপত্তাজনিত যে হুমকির খবর তাদের কাছে আছে, এরপর এ সফর চালিয়ে যাওয়া সম্ভব নয়।

পিসিবি জানিয়েছিল, সিদ্ধান্তটা এককভাবেই নিয়েছে সফরকারীরা। বিবৃতিতে পাকিস্তান বোর্ড জানিয়েছিল, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তাদের নিরাপত্তাজনিত বিষয় নিয়ে সতর্ক করা হয়েছে এবং তারা এককভাবে সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’

এমন ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছিলেন পিসিবি সভাপতি রমিজ রাজা। এনজেডসিকে কাঠগড়ায় তোলার হুমকি দিয়েছিলেন তিনি। অবশেষে দুুবাইয়ে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধানের বৈঠকের পর ইতিবাচক ফল এসেছে। বিষয়টি নিয়ে আনন্দ প্রকাশ করেছেন রমিজ রাজা।

তিনি বলেন, ‘আমাদের আলোচনা ও সমঝোতা নিয়ে আমি খুবই খুশি। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান এবং তার বোর্ডকে ধন্যবাদ এই বোঝপড়া এবং সমর্থনের জন্য। এটা দুই বোর্ডের মধ্যে আন্তরিকতা ও ঐতিহাসিক সম্পর্কেরই প্রতিফলন। এই সিদ্ধান্তের ফলে ক্রিকেটে বিশ্বের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পাকিস্তানের মর্যাদা পুনরুদ্ধার হবে।’