জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এক যোগে কাজ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দুই দেশ যৌথ বিবৃতিতে জানায়, তারা প্যারিস চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা ১.৫ সেলসিয়াসের মধ্যে রাখতে নিজ নিজ জায়গা থেকে একসঙ্গে কাজ করবে। ওই লক্ষ্য অর্জনের পথে যে উল্লেখযোগ্য ফাঁক রয়েছে তা বন্ধ করার জন্য ধাপে ধাপে প্রচেষ্টার আহ্বান জানানো হয়েছে দুই দেশের ঘোষণায়।
বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা গেলে তা মানবজাতিকে জলবায়ুর সবচেয়ে খারাপ প্রভাব এড়াতে সাহায্য করবে। প্যারিস জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা ২০১৫ সালে ব্যাপক নির্গমন হ্রাসের মাধ্যমে ১.৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিশ্বকে উষ্ণতা বৃদ্ধি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
চীনের শীর্ষ জলবায়ু আলোচক শি জেনহুয়া দাবি করেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভিন্নতার চেয়ে মতৈক্য বেশি। আর মার্কিন জলবায়ু দূত জন কেরি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে পার্থক্যের কোন অভাব নেই। কিন্তু জলবায়ুর সংকট নিরসন বিষয়ে সহযোগিতার মাধ্যমে কাজটি সম্পন্ন করাই একমাত্র উপায়। সামনের সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে ভার্চুয়াল বৈঠকে বসবেন। তার আগেই জলবায়ু সম্মেলনে মিথেন নির্গমন, জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে ক্লিন এনার্জিতে রূপান্তর এবং কার্বন নির্গমন রোধসহ বিভিন্ন বিষয়ে যৌথ পদক্ষেপ নিতে সম্মত হলো দুই দেশ।
