বিজেপি ছাড়ছেন অভিনেতা জয় ব্যানার্জি। সরাসরি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে চিঠি লিখে জানালেন সেই কথা। জাতীয় কর্মসমিতির সদস্য ছিলেন। দু’বছর ধরে গুরুত্বপূর্ণ পদে থাকার সত্ত্বেও সেই ভাবে কাজের সুযোগ পাননি তিনি। মোদিকে চিঠি দিয়ে জানিয়েছেন খুব শিগগিরই বিজেপি ছাড়বেন তিনি।
নরেন্দ্র মোদিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে একটি সংক্ষিপ্ত চিঠি লিখেছেন জয়। সেখানে বারবার অভিমান ফুটে উঠেছে। ২০১৪-র আগে থেকে বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন। ২০১৭ সাল থেকে জাতীয় কর্মসমিতির সদস্য হওয়ার পরও সেই ভাবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়নি। সব আক্ষেপের কথা লিখেছেন চিঠিতে। এমনকী, অসুস্থ হওয়ার পর দলের তরফে কোনও সাহায্য পাননি বলেও জানিয়েছেন তিনি। রাজীব ব্যানার্জি বিজেপিতে যোগদানের পর জাতীয় কর্মসমিতির সদস্যপদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এই কথাও জয় চিঠিতে উল্লেখ করেছেন। নরেন্দ্র মোদির সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলে, সাক্ষাতের সময় চাওয়া হলেও প্রতিবারই তাঁকে না বলে দেওয়া হয়েছে, এমন আক্ষেপও করেছেন জয়।
প্রসঙ্গত, ২০১৪-র আগে থেকেই বিজেপি করতেন তিনি। একাধিকবার ভোটেও লড়েছেন এই অভিনেতা। বেশ কিছুদিন ধরেই ‘বেসুরো’ ছিলেন। এবার বিজেপি ছাড়ছেন বলেই ঘোষণা করে দিলেন জয় ব্যানার্জি।
