শরতের শেষ দিনেও প্রকৃতির রূদ্রমূর্তি দেখলো সিলেট। গতকালও সারাদেশের চেয়ে সর্বোচ্চ তাপামাত্রা সবুজ অরণ্য ও হাওর-বাওর ঘেরা সিলেটে। আবহাওয়া বিভাগের ২৪ ঘন্টার পূর্বাভাসে কিছুটা বৃষ্টির আভাস দিলেও দিন ও রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। অর্থ্যাৎ গত কয়েকদিন ধরে যেমন গরম পড়ছে; তেমনই পড়তে থাকবে।

তবে ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পেতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বিদায় নিলে আবহাওয়াগত অবস্থা অনুকুলে আসতে পারে।

শুক্রবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো সকাল ৯টায় ৭০ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৬৯ শতাংশ। এছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫ দশমিক ৯. চট্রগ্রাম ৩৫ দশমিক ২, রাজশাহী ৩২ দশমিক ২, খুলনা ৩৫, বরিশাল ৩৬, ময়মনসিংহ ৩৬ দশমিক ৩ এবং রংপুরে ৩৬ দশকি ২ ডিগ্রী সেলসিয়াস। এর আগের দিন সিলেটে ছিলো ৩৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে, পয়লা কার্তিক আজ। হেমন্তের প্রথম দিন। এমন দিনে সোনাঝরা রোদ্দুরের পাশাপাশি শীতের ঠান্ডা হাওয়ার বার্তা নিয়ে নবান্নের ঋতু হেমন্ত শুরুর কথা। কিন্তু সেখানে এবার অন্য এক হেমন্তের পূর্বাভাস যেন দিলো আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমী বায়ু দেশের অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।