ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবারের ম্যাচে রানের ফোয়ারা দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের দ্বিতীয় ভাগে এত রান আর কোনো ম্যাচে হয়নি। আগে ব্যাট করে ১৮৯ রান তুলেও জয়ের দেখা পায়নি চেন্নাই সুপার কিংস। এই লক্ষ্যও রাজস্থান রয়্যালসের কাছে সাধারণ মনে হয়েছে।

এত রান তুলেও হারকে অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য মনে হয়েছে চেন্নাই অধিনায়ক মাহেন্দ্র সিংহ ধোনির কাছে। হারের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তার মতে, রাজস্থান ব্যাট করার সময় প্রথম ৬ ওভারেই ম্যাচ হেরে গিয়েছিলেন তারা। ধোনি বলেন, ‘ওরা প্রথম ৬ ওভারেই ম্যাচটি আমাদের আয়ত্তের বাইরে নিয়ে চলে যায়। বড় রান তাড়া করতে গেলে পাওয়ার প্লে-তে ঠিক যেভাবে ব্যাট করা প্রয়োজন, ওরা সেভাবেই করেছে।’

১৯০ রানের লক্ষ্য দিয়েও যদি ম্যাচ হারতে হয় তো আমিরাতের এই উইকেটে ঠিক কত রান তুললে জেতা সম্ভব- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ধোনি হাসতে হাসতে বলেন, ‘২৫০ রান করলে মনে হয় এই উইকেটে জেতা সম্ভব। তবে মনে হয় না আমরা ১৯০ রানের বেশি করতে পারতাম।আসলে টস হারাটা আমাদের বিপক্ষে গেছে। শুরুতে বল কিছুটা হলেও ধীর গতিতে আসছিল। ওদের স্পিনাররা সেই সুবিধা নিয়েছে। পরের দিকে উইকেট এতটাই ফ্ল্যাট হয়ে যায় যে, বল ব্যাটে খুব ভালোভাবে আসছিল। ওদের ব্যাটাররা ভালো ব্যাট করে ম্যাচ জিতিয়ে নিয়েছে।’

উল্লেখ্য, ১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে রাজস্থান প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৮১ রান তোলে। শেষ পর্যন্ত ১৫ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে যায় রাজস্থান।