‘বিশ্বকাপের আগে আমার আইপিএল অভিজ্ঞতা দলের জন্য উপকারী হবে।’- ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে খেলতে আরব আমিরাত যাওয়ার আগে কথাগুলো বলেছিলেন সাকিব আল হাসান। তবে মরু শহরে আইপিএল অভিজ্ঞতাটা কতটুকু সংগ্রহ হচ্ছে টাইগার ক্রিকেটারের, সেটা দৃশ্যমানই। এখন পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের একটি ম্যাচেও সুযোগ হয়নি বিশ্বসেরা অলরাউন্ডারের।

শুক্রবার রাতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল কেকেআর। সেই ম্যাচে শাহরুখ খানের দলকে ৫ উইকেটে হারিয়েছে প্রীতি জিনতার পাঞ্জাব। ম্যাচটিতে ছিলেন না কেকেআরের নিয়মিত একাদশের লোকি ফার্গুসন। চোটের কারণে বিশ্রামে আন্দ্রে রাসেল। এমন অবস্থায় পুরোদস্তুর অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানকেই একাদশে মানায়। কিন্তু হলো কী? রাসেলের পরিবর্তে দলে এলেন নিউজিল্যান্ডের টিম সাউদি।

ফার্গুসনের জায়গায় আরেক কিউই তারকা টিম সেইফার্ট। কেকেআরের এমন নির্বাচনে হতাশ ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘সাকিব যদি একজন কিউই হতো…।’ আকাশ চোপড়ার টুইট বার্তায় এটাই স্পষ্ট যে নিউজিল্যান্ডের খেলোয়াড় হলে হয়তো সাকিবের ঠাঁই হতো কলকাতার একাদশে!

পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ হেরে কলকাতার প্লে-অফের পথটাও কঠিন হয়ে গিয়েছে। এমতাবস্থায় দুইবারের চ্যাম্পিয়নদের জয়ের ধারায় ফেরাতে সাকিবকে অধিনায়ক করে একাদশে ফেরানোর ব্যাপারে মত আকাশ চোপড়ার। এজন্য নিয়মিত অধিনায়ক এউইন মরগ্যানকে বাদ দেয়ার পক্ষে ভারতের এই সাবেক ক্রিকেটার।

ব্যাট হাতে চেনা ছন্দে নেই মরগ্যান। পাঁচ ম্যাচে রান করেছেন মাত্র ১৭। চলতি আসরেই দীনেশ কার্তিককে সরিয়ে কলকাতার অধিনায়ক করা হয় তাকে।

নিজের টুইটার হ্যান্ডেলে আকাশ চোপড়া লিখেছেন, ‘হতাশাজনক সময়, বেপরোয়া ব্যবস্থা। বাকি ম্যাচগুলোতে সাকিবকে অধিনায়ক করার কথা কি ভাবতে পারে কলকাতা? মরগ্যানের বিরোধিতা নয়, কিন্তু রান না পেলে তো মরগ্যান কোনো কাজে আসছে না।’

মরগ্যানের প্রতি সহানুভূতি প্রকাশ করে সাকিবের কার্যকারিতা উল্লেখ করেছেন আকাশ। তিনি লিখেছেন, ‘সেরা খেলোয়াড়দেরও অফ ফর্ম হতে পারে। সাকিব কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি কিছু ওভার বোলিংও করতে পারবে।’

এদিকে সাকিবকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাককালাম। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সাকিব একাদশের বিবেচনায় সবসময়ই আছে। তাকে আমরা শীর্ষ তিন ব্যাটারের একজন ভাবছি। আর মিডল অর্ডারেও কাজে লাগতে পারে, পরের ম্যাচে ভাবনায় সে নিশ্চিতভাবেই থাকবে।’