করোনা মহামারীর কারণে প্রাথমিক বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে দীর্ঘ সময় ধরে। এ সুযোগ নিয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি ক্লাসরুম এখন স্থানীয় ধান ব্যবসায়ীর দখলে রয়েছে শুধু তাই নয় রীতিমত ক্লাসরুম এখন গোডাউন থেকে কেনাবেচা করছেন অভিযুক্ত ব্যবসায়ী।

তাছাড়া ওই সব ক্লাসরুমে ব্যবসায়ীরা প্রতিদিন দাড়িপাল্লা কিংবা ধান পরিমাপক মিটার দিয়ে ধান পরিমাপও করছেন। তবে এ ঘটনা প্রকাশের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্রুত এগুলো সরিয়ে দেয়ার কথা জানান।

সরেজমিনে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি ক্লাসরুমে শিক্ষার্থীদের বসার বেঞ্চগুলো এক পাশে সরিয়ে রেখে সেখানে ধান গুদামজাত করা হয়েছে।

স্থানীয়রা জানান, করোনা কালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলামের ভাগিনা ধান ব্যাবসায়ী কামরুজ্জামান নিজের ব্যবসার ধান সেখানে রেখেছেন।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এ ঘটনা জানেন না বলে দাবি করলেও তা সরানোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তিনি আরো বলেন, শারীরিক অসুস্থ্যতার জন্য আমি বেশ কিছুদিন যাবত বিদ্যালয়ে যেতে পারিনি। তবে ধানগুলো অস্থায়ীভাবে শুকানোর জন্য বৃষ্টি এলে স্কুল ঘরে রাখার ব্যাপারে শুনেছেন বলে জানান তিনি।

এলাকাবাসীদের অভিযোগ, বেশ কিছুদিন যাবত বিদ্যালয়ের ক্লাসরুমে ধান গুদামজাত করে বিক্রি করে আসছেন ধান ব্যাবসায়ী কামরুজ্জামান। এমনকি তিনি সেখানে ধান ওজন করে কেনা বেচাও করেন বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে ধান ব্যবসায়ী কামরুজ্জামানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শহীদুল ইসলাম জানান, করোনাকালীন সময় বিদ্যালয় বন্ধ থাকলেও সরকারি নির্দেশানুযায়ী বিদ্যালয় খোলার জন্য সার্বক্ষণিক প্রস্তুতি রাখতে সকল প্রধানদের বলা হয়েছে। এরপরও বিদ্যালয়ের ক্লাসরুমে ধান মজুদ রাখতে দেয়া সম্পূর্ণ দায়িত্বে অবহেলার শামিল। সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।