সিলেট-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, ‘১৯৯১ সাল থেকে তিনি এ নির্বাচনী আসনে ভোটে সক্রিয় রয়েছেন এবং মানুষের কাছাকাছি রয়েছেন। এবারের নির্বাচনে তিনি বিজয়ের পথেই রয়েছেন। কিন্তু তার জনসমর্থন দেখে প্রতিপক্ষরা দিশাহারা হয়ে গেছেন।
গত রবিবার (২২ আগষ্ট) রাতে সিলেট মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার দক্ষিণ কুশিঘাটের জাপা নেতা আলী হোসেন সরকারের বাড়িতে নির্বাচনীর উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
মা কোম্পানীর চেয়ারম্যান, দৈনিক বাংলাদেশ মিডিয়া পত্রিকার প্রধান সম্পাদক ও জাতীয় পার্টির সিলেট জেলার আহবায়ক কমিটির সদস্য মো: আলী হোসেন সরকারের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান আলতাফ, জাতীয় পার্টির দক্ষিণ সুরমা উপজেলার আহবায়ক শাহ আলম ও দক্ষিণ সুরমা উপজেলার জাতীয় যুব সংহতির সদস্য সচিব বুলবুল আহমদ। এ সময় স্থানীয় জাতীয় পার্টি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাপার প্রার্থী আতিকুর রহমান আতিক আরো বলেন, নির্বাচিত হলে মানুষের অধিকার আদায়ের জন্য সব সময় সোচ্চার থাকবো। এছাড়া সাধারণ মানুষের মৌলিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করবো। তাই আসন্ন উপ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মানুষের সেবা করার সুযোগ দিতে সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানান তিনি।
এ সময় জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান আলতাফ বলেন, আতিক ভাই নির্বাচিত হলে তিনি সব ইউনিয়নের মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধের কাজ করে যাবেন। এ আসনের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলবেন। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা করে তাকে লাঙ্গল মার্কায় ভোট দিন।
জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে মা কোম্পানীর চেয়ারম্যান, দৈনিক বাংলাদেশ মিডিয়া পত্রিকার প্রধান সম্পাদক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মো: আলী হোসেন সরকার উক্ত বৈঠকের সভাপতির বক্তব্যে বলেন, বিগত দিনে এ আসনে যারা নির্বাচিত হয়েছেন তারা ভাল কিছু উপহার দিতে পারেননি। এবার এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক ভাইকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দেবেন। আতিক ভাইকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি বলেন, জাপার নিজস্ব ভোট ব্যাংক সব মিলিয়ে আতিক ভাইয়ের লাঙ্গল এখন আগামীর মঙ্গলের পথে এগিয়ে যাচ্ছে, এমনটাই পুরো আসন জুড়ে বিরাজ করছে।
এর আগে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো: আতিকুর রহমান আতিক দক্ষিণ সুরমার মোগলাবাজার ও সিলামে একাধিক নির্বাচনী পথ সভায় যোগদান করেন।
উল্লেখ্য, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসনের এমপি আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী চলতি বছরের ১১ মার্চ করোনায় সংক্রমিত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান। এরপর ১৫ মার্চ এটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে ইভিএম পদ্ধতিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ও ভোটকেন্দ্র ১৪৯টি।
