সিলেট নগরী থেকে বিদেশী ওয়ান সুটারগানসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শনিবার (২১ আগষ্ট) রাতে ধোপাদিঘীর দক্ষিণপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম- ইব্রাহিম খলিলুর রহমান (৩০)। সে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ত্রগারগ্রামের মৃত আব্দুল মন্নাফের পুত্র। বর্তমানে সে সিলেট নগরীর কুয়ারপার এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, শনিবার রাত সোয়া ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি, সিলেট এর কোতয়ালী থানাধীন ধোপাদিঘীর দক্ষিণপাড়স্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, সিলেট এর মূল ফটকের সামনে পাকা রাস্তার উপর হতে অস্ত্রধারী সন্ত্রাসী ইব্রাহিম খলিলুর রহমানকে গ্রেফতার করে।

এ সময় তার কাছে রক্ষিত প্যান্টের পকেট হতে ১টি ওয়ান সুটার গান উদ্ধার ও জব্দ করে র‌্যাব।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯’র এ ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত অস্ত্রধারী ও জব্দকৃত বিদেশী ওয়ান সুটারগান অস্ত্রসহ এসএমপি, সিলেট এর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২২