শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক ছিলেন নাসুম আহমেদ। ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ হলেও আন্তর্জাতিক অঙ্গনে সদ্যই পা রেখেছেন। এদিকে, প্রথম ম্যাচ জিতিয়ে তিনি যখন নায়ক, তখনই দানা বাঁধে বিতর্ক। বিতর্কের শুরু ‘নাসুম সুনামগঞ্জ জেলা দলে নিষিদ্ধ’-এমন খবরে।

এরপর নাসুম আহমেদ সিলেট নাকি সুনামগঞ্জ জেলার ক্রিকেটার, এ নিয়েও রীতিমত দুই জেলার ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে চলে নীরব যুদ্ধ। অবশেষে মঙ্গলবার (১৭ আগস্ট) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এ নিয়ে মুখ খুলেছেন নাসুম। নিজেকে পরিচয় দিয়েছেন সিলেটেই বেড়ে ওঠা ক্রিকেটার হিসেবে।

এর আগে সংবাদমাধ্যমে বলা হয়, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটি ২০১৯ সালে জেলা কমিটিতে খেলতে না দিয়েই ফিরিয়ে দিয়েছিল নাসুমকে। ২০১৫ সালে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে কারণ দেখিয়ে তাকে ওই সময় খেলতে না দেওয়ায় ফিরে যান নাসুম। তার বহিষ্কারাদেশের সময় এবং খেলতে না দেওয়ার সময়ও তার ক্লাবের কর্মকর্তারা প্রতিবাদ করেছিলেন। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জোরালো দাবি জানিয়েছে। তবে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জানান, নিষেধাজ্ঞা তুলে নিতে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে নাসুমকে।

নাসুমের দাবি, তিনি কখনো সুনামগঞ্জ জেলা দলের হয়ে খেলেননি এবং খেলার সুযোগও ছিল না। কারণ ততদিনে নিজ জেলা সিলেটের দলে থিতু হয়ে গেছেন তিনি।

বিতর্কের অবসান ঘটিয়ে নাসুম বলেন, ‘আমার জন্ম, বড় হওয়া, পড়ালেখা কিংবা ক্রিকেট খেলা, সবকিছুই সিলেটে। আমার বাবার জন্মও সিলেটে। একসময় আমার দাদাবাড়ি সুনামগঞ্জ জেলায় ছিল। কিন্তু আমার দাদা ১৯৫৮ সালে সিলেটে স্থায়ীভাবে চলে আসেন। ছোটবেলা সুনামগঞ্জে একবার গিয়েছিলাম এবং রাস্তাঘাটও ঠিকভাবে চিনি না সেখানকার। পরবর্তীতে একটা টুর্নামেন্টে একবার ভাড়ায় খেলতে গিয়েছিলাম।’

এই ভাড়ায় খেলতে যাওয়াতেই ইতি নাসুমের ক্রিকেটীয় জীবনের সুনামগঞ্জ জেলা অধ্যায়ের। সিলেট জেলা ও বিভাগীয় দলে খেলে জাতীয় দলে উঠে আসা নাসুম আরও বলেন, ‘সম্প্রতি বিভিন্ন সংবাদে হয়তো অনেকে বিভ্রান্ত হয়েছেন আমি আমার জেলা দলে নিষিদ্ধ। কিন্তু আমি যে জেলার হয়ে কখনো খেলিনি তারা আমাকে কিভাবে নিষিদ্ধ করে?’

বাংলাদেশ দলের এই তরুণ তুর্কি আরও বলেন, ‘২০০৫ সালে ১১ বছর বয়সে আমি পেশাগতভাবে ক্রিকেট শুরু করি এবং ঐ বছর জেলা ক্রিকেটে সুনামগঞ্জের কোনো দলই ছিল না। তখন থেকে সবসময়ই সিলেটের হয়ে খেলেছি। সিলেট লিগে খেলেছি ২০০৬ সাল থেকে। সিলেট জেলা দলে খেলেছি ৩ বছর, আর বিভাগীয় দলে ২০১০ সাল থেকে।’

চলতি বছর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সফরে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাসুমের। টি-টোয়েন্টি ফরম্যাটে লাল-সবুজের জার্সি গায়ে এখন পর্যন্ত খেলেছেন ৯টি ম্যাচ। এই ৯ ম্যাচেই নামের পাশে যোগ করেছেন ১০টি উইকেট। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বল হাতে অপ্রতিরোধ্য ছিলেন নাসুম। বাঁহাতি স্পিন ভেলকিতে ৫ ম্যাচে নেন ৮ উইকেট। প্রথম ম্যাচে ‘মাইটি অস্ট্রেলিয়া’বধে জয়ের নায়ক ছিলেন তিনিই। আর ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন।