আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতির জনকের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল তার সৃজনশীল অনন্য প্রতিভার গুণে এদেশের যুবক ও তরুণদের কাছে যুগে যুগে প্রেরণার উৎস হয়ে থাকবেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের জন্মদিনে তার সমাধিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, ইতিহাসের রক্তাক্ত বিশ্বাসঘাতকতা ও কালিমালিপ্ত অধ্যায় ১৯৭৫ এর আগস্ট ট্রাজেডি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার বিচার করে কালিমা দূর করেছেন। এবার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মান করাই বড় অঙ্গীকার।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস বলেন, শেখ কামালের জীবনের শিক্ষা দেশের প্রজন্ম থেকে প্রজন্মের কাছে অনুকরণীয় প্রেরনা হয়ে থাকবে।
এর আগে, সকালে ধানমণ্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় দলের সভাপতিমণ্ডলির সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবীর নানক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দন নাসিমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
দেশের ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন শেখ কামাল। মহান মুক্তিযুদ্ধ, ছাত্ররাজনীতি, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলার মাঠ থেকে নাটকের মঞ্চ—সর্বত্র ছিল তার উজ্জ্বল উপস্থিতি।
