সিলেটে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে করোনাভাইরাসের টিকানদানের কার্যক্রম। টিকা নেয়ার জন্য মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিড় করেন টিকা গ্রহীতারা।

সিলেট সিটি কর্পোরেশনের পরিচালনায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল দুটি কেন্দ্রে মডার্নার টিকাদান কার্যক্রম চলবে। উপজেলা পর্যায়ে চীনের তৈরি সিনোফার্মের ভ্যাকসিনগুলো দেয়া হবে আর যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ভ্যাকসিনগুলোকে মহানগর এলাকার লোকজনের মধ্যে প্রয়োগ করা হবে বলে জানা যায়।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সিলেট ওসমানী মেডিক্যাল ও পুলিশ লাইন্স হাসপাতালের দুটি কেন্দ্রে মডার্নার টিকাদান কার্যক্রম চলছে। প্রথম দফায় সিলেট মহানগর এলাকার জন্য যুক্তরাষ্ট্রের কোভ্যাক্সের মডার্নার ১৯ হাজার ২০০ ডোজ টিকা এসেছে। চলাচলে বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে টিকা কেন্দ্রে আসতে পারবেন নাগরিকরা। তবে কেন্দ্র পরিবর্তন করে কেউ টিকা গ্রহণ করতে পারবেন না।

টিকাগ্রহণকারীর রেজিস্ট্রেশনকৃত মোবাইলে বার্তা না আসলে টিকা নিতে পারবেন না বলে তিনি জানান। যারা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্র থেকে সিনোফার্ম এর ১ম ডোজ টিকা গ্রহণ করেছিলেন তারা ১৭ জুলাই থেকে আলাদা বুথে ২য় ডোজ টিকা নিতে পারবেন।

তিনি জানান, মহানগরী এলাকার মানুষের সুবিধার জন্য যাতে ওয়ার্ড ভিত্তিক টিকা দেয়া যায় সেজন্য স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। অনুমিত পাওয়া গেলেই ওয়ার্ড ভিত্তিক টিকা দেয়ার কার্যক্রম শুরু করবে সিসিক।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, সিলেটে মঙ্গলবার সকাল থেকে অনুমোদিত সকল টিকাকেন্দ্রে পুরোদমে এ কার্যক্রম চলছে। এ লক্ষ্যে সিলেট জেলার আওতাধীন মোট ১২টি উপজেলায় ১২টি টিকা কেন্দ্রের প্রতিটিতে একজন ভ্যাকসিনেটর এর নেতৃত্বে ৩-৪ জন স্বাস্থ্য কর্মীকে নতুন এ ভ্যকসিন প্রয়োগের জন্য প্রশিক্ষণ দেয়া হয়।

উপজেলা পর্যায়ে চীনের তৈরি সিনোফার্মের ভ্যাকসিনগুলো দেয়া হবে আর যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ভ্যাকসিনগুলোকে মহানগর এলাকার লোকজনের মধ্যে প্রয়োগ করা হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।

কারণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মডার্নার ভ্যাকসিনগুলো উপজেলা পর্যায়ে সংরক্ষণ করে রাখার মতো ব্যবস্থা নেই। তাই, জেলা সদর বা মহানগরে এটা রাখার উপযুক্ত ব্যবস্থা রয়েছে। এজন্য মডার্নার ভ্যাকসিনগুলো জেলা সদর বা মহানগর এলাকায় দেওয়ার জন্য সরকারের নির্দেশনা রয়েছে।

গত রোববার সিলেটে ৪র্থ দফায় পৌঁছে করোনার ভ্যাকসিন। এতে ৬৪ হাজার ২শ’ডোজ ভ্যাকসিন রয়েছে। যার মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ভ্যাকসিন ১৯ হাজার ২শ’ও চীনের তৈরি সিনোফার্মের ৪৫ হাজার ডোজ রয়েছে।