সিলেট নগরীর বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সিলেটে সিটি করপোরেশন। শনিবার (৩ জুলাই) কঠোর লকডাউনের তৃতীয় দিনে নগরীর কালিঘাট, আম্বরখানা ও মেডিকেল রোডে অভিযান চালিয়ে ফার্মেসিসহ বিভিন্ন দোকানে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ২০ টি মামলা দায়ের ও ৬ হাজার টাকা জরিমানা করেন সিসিকের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। অভিযানে সহযোগিতা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসইমপি)। অভিযানের বিষয়টি ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে সিলেটেও চলছে কঠোর লকডাউন। কিন্তু এই সময়েও অনেকে স্বাস্থ্যবিধি মানছে না ঠিকমতো। শনিবার দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর কালিঘাট, আম্বরখানা ও মেডিকেল রোডসহ বিভিন্ন স্থানে নিত্যপণ্যের দোকান এবং ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ২০টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানকালে ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক না থাকা ও শারীরিক দূরত্ব বজায় না রাখার দায়ে বিভিন্নজনকে ৬ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।
কঠোর লকডাউন বাস্তবায়নে সিসিকের এমন অভিযান প্রতিদিনই অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।
