করোনা সংক্রমণ বেড়েই চলেছে খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলাগুলাতে। লকডাউনেও থামানো যাচ্ছে না আক্রান্তের হার। করোনা হটস্পট রাজশাহীতেও মৃত্যু ও সংক্রমণের হার আগের মতোই। আর রোগীর চাপ সামলাতে দিশেহারা হাসপাতালগুলো। তৈরি হয়েছে শয্যা ও অক্সিজেন সংকট।

রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁ ও নাটোরের ২ জন করে। ৪২৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১৪৮ জন। হার ৩৪ দশমিক পাঁচ শতাংশ। শয্যা ও অক্সিজেন সুবিধা বাড়িয়েও সামাল দেয়া যাচ্ছে না রোগীর চাপ।

খুলনা
খুলনার দুটি হাসপাতালে মারা গেছেন ৯ জন। তাদের মধ্যে বাগেরহাটের ৩ জন, খুলনা ও যশোরের দুজন করে এবং পিরোজপুর ও নড়াইলের একজন করে। ২৪ ঘণ্টায় ৪২৫টি নমুনা পরীক্ষায় ১৭৪ জন শনাক্ত হয়েছেন। হার ৪৫ শতাংশ। করোনা ডেডিকেডেট হাসপাতালে দেখা দিয়েছে শয্যা ও অক্সিজেনের চরম সংকট। হাসপাতালে অব্যবস্থাপনার অভিযোগ রোগীর স্বজনদের।

সাতক্ষীরা
২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন। ১৪৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত ৪৩ জন। হার প্রায় ২৯ শতাংশ। আড়াইশ’ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছে ২৮১ জন। এ ছাড়া ৮২৩ জন রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। জনবল সংকটে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। লকডাউনেও থামানো যাচ্ছে না অবাধ চলাচল।

যশোর
উচ্চমাত্রার সংক্রমণ সীমান্তবর্তী জেলা যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় ৯৫১টি নমুনা পরীক্ষায় ৪৭০ জন শনাক্ত হয়েছেন। হার ৪৯ দশমিক চার দুই শতাংশ। রোগীর চাপ সামলাতে সদর হাসপাতালে নতুন ওয়ার্ড চালু করা হচ্ছে।

কুষ্টিয়া
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ জন। আক্রান্তের হার ৩৪ দশমিক পাঁচ শতাংশ।

ঝিনাইদহ
করোনা আক্রান্ত হয়ে ঝিনাইদহে ৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় ৩৬টি নমুনা পরীক্ষায় ১৪ জন শনাক্ত হয়েছেন। হার প্রায় ৩৯ শতাংশ। শয্যা না পেয়ে মেঝেতেই চলছে চিকিৎসা।

এ ছাড়া করোনা ও উপসর্গ নিয়ে বগুড়া ৩, ঠাকুরগাঁওয়ে ২, মেহেরপুরে ২,  চুয়াডাঙ্গা ১ জন ও সিলেটে ৩ জন মারা গেছেন।