জীবিকার তাড়নায় রাতভর কাজ করছিলেন রুহুল আমিন (৩৫) নামের নির্মাণশ্রমিক। কিন্তু সেই রাতই যে তার জীবনের শেষ রাত হবে- তা জানতে পারেননি ঘুণাক্ষরেও। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন শেষরাতে।

ঘটনাটি শনিবার দিবাগত (৬ জুন) রাত ৩টার দিকে সিলেট সদর উপজেলার (জালালাবাদ থানাধীন) মোগলগাঁও ইউনিয়নের যুগিরগাঁও-এ ঘটেছে।

রুহুল আমিন সিলেটের দক্ষিণ সুরমার খানুয়া গ্রামের মছকন্দর আলীর ছেলে।

সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, শনিবার রাতে দিকে যুগিরগাঁও গ্রামের মো. রফিক মিয়ার বাড়িতে রুহুল আমিন তার কয়েকজন সহযোগিকে নিয়ে নির্মাণকাজ করছিলেন। শেষ রাত ৩টার দিকে রুহুল আমিন বিদ্যুতের লাইন থেকে বাল্ব খুলতে গিয়ে বিদ্যুতের শর্ট লেগে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন।

এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, রুহুল আমিনের লাশ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রয়েছে। আগামীকাল ময়নাতদন্ত হবে। এ ঘটনায় ভিকটিমের অভিভাবকের নিকট থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।