সিলেটের বালাগঞ্জের একটি ব্রিকফিল্ডের ব্যবস্থাপককে হত্যার ঘটনায় ৬ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বালাগঞ্জ থানা পুলিশ ৪ জনকে এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অপর ২ জনকে আটক করে।

শুক্রবার দুপুরে বালাগঞ্জের গহরপুর রতনপুর ব্রিকফিল্ডের ব্যবস্থাপক ধীরাজ পালকে তার কর্মস্থলে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এরপর ব্রিকফিল্ডের টাকাপয়সা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর স্থানীয়রা ধীরাজ পালকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বালাগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে। থানা পুলিশ কর্তৃক ৪ জনের আটকের সত্যতা নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হাসান। তবে তিনি আটকদের পরিচয় প্রকাশ করেননি।

নাজমুল হাসান জানান, ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি। আটককৃতদের সঙ্গে ঘটনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

এদিকে, শুক্রবার দুপুরে সংঘটিত এই ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, মরদেহের সৎকারের পর মামলা করা হবে। শনিবার বিদেহীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

ধীরাজ পাল গত ৮ বছর ধরে বালাগঞ্জের গহরপুর রতনপুর ব্রিকফিল্ডের প্রধান ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর গ্রামের বাসিন্দা।